নরসিংদীতে ট্রাকে বোমা হামলা: মামলায় বিএনপির ১৯ জন
নরসিংদীতে মঙ্গলবার রাতে ট্রাকে পেট্রোল বোমা হামলার অভিযোগে জেলা বিএনপির সভাপতিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আবুল কাসেম জানান, থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান মোল্লা বাদী হয়ে বুধবার বিকালে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপু, সদর উপজেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ন আহবায়ক শাহান শাহ শানু, হাসানুজ্জামান হাসান, শ্রমিক দলের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক উসমান মোল্লা, জাহিদ হোসেন, আওলাদ হোসেন মোল্লা ও মো. ফারুক মিয়া।
মঙ্গলবার রাত পৌনে ১০টায় নরসিংদী থেকে কাপড় নিয়ে ঢাকার চকবাজার যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের চৌতাব এলাকায় একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে।
এতে ট্রাকচালক সোহরাব মিয়া (৩০) ও ব্যবসায়ী আল ইমরান (২২) দগ্ধ হন। বর্তমানে তারা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
