২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থী নিয়ে আলোচনাই হল না চট্টগ্রাম আওয়ামী লীগের সভায়

জোটের সভায় সিদ্ধান্ত হলেও দলের মেয়র প্রার্থী নিয়ে কোনো আলোচনাই হয়নি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 08:59 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

কেন্দ্র ঘোষিত বুধবারের পদযাত্রা সফল করার নিয়ে মঙ্গলবারের বর্ধিত সভার আলোচনা সীমাবদ্ধ ছিল বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা।

সিটি কর্পোরেশন নির্বাচনে দলের প্রার্থিতা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে নগর সাধারণ সম্পাদ আ জ ম নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়র নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। যখন সময় আসবে, তখন এ বিষয়ে আলোচনা এবং তা জানানো হবে।”

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে নগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বর্ধিত সভা হয়।

গত রোববার চট্টগ্রাম ১৪ দলের সভায় মেয়র প্রার্থী হিসেবে মহিউদ্দিন চৌধুরীর নাম প্রস্তাবের সিদ্ধান্তের পর আওয়ামী লীগের বর্ধিত সভার ওপর চোখ ছিল রাজনৈতিক মহলে।

নগর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও আশা ছিল, এ সভায়ই আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলের পক্ষে সম্ভাব্য মেয়র প্রার্থী নিয়ে আলোচনা হবে।

মেয়র প্রার্থী ঠিক হবে এমন সম্ভাবনা মাথায় রেখে তিনবারের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা সভাস্থলের আশেপাশে মিছিল ও স্লোগানও দেয়। অনেকের হাতে সম্ভাব্য মেয়র প্রার্থীদের ছবি সম্বলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

মহিউদ্দিন ও নাছির দুজনই সভায় উপস্থিত ছিলেন। দুজনই আসন্ন নির্বাচনে দলের সমর্থন নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমকে বলে আসছেন।

তবে আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী হতে চাওয়া নগর কমিটির কোষাধ্যক্ষ সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম সভায় আসেননি।

এছাড়া মহিউদ্দিন বিরোধী বলে পরিচিত কমিটির সহ-সভাপতি সংসদ সদস্য আফসারুল আমীন, সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসিও সভায় আসেননি।

এছাড়া সভায় মেয়র প্রার্থিতা নির্ধারণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে অধিকাংশ নেতাকর্মীদের ধারণা ছিল।

কিন্তু বৈঠক শেষে আ জ ম নাছির বলেন, বুধবার ১৪ দলের পদযাত্রা সফল করা নিয়ে বর্ধিত সভায় আলোচনা হয়েছে।

“পদযাত্রা সফল করতে প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের বলা হয়েছে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় ওয়ার্ড-থানা পর্যায়ে সপ্তাহব্যাপী আনন্দ মিছিল করা হবে।”

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সভায় নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতারা থাকলেও মহিউদ্দিন চৌধুরী ও নাছির ছাড়া আর কেউ বক্তব্য দেননি।

বৈঠকে উপস্থিত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহিউদ্দিন চৌধুরী মেয়র পদে প্রার্থিতা নিয়ে অনেকের আগ্রহ আছে উল্লেখ করে এ বিষয়ে পরে আলোচনার কথা বলেন।”

সভায় সিদ্ধান্ত হয়েছে, বুধবার বেলা ৩টায় বিএনপি-জামায়াত জোটের নাশকতা-ভাংচুর-জ্বালাও পোড়াওয়ের প্রতিবাদে ১৪ দলের আয়োজনে পদযাত্রা নগরীর লালদীঘি মাঠ থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।