ডিসিসি নির্বাচনের প্রস্তুতিতে ‘আসল বিএনপি’
আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দল থেকে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন ‘আসল বিএনপি’র মুখপাত্র কামরুল হাসান নাসিম।
আগামী ১০ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবেন জানিয়ে তাতেই নিজেদের শক্তিমত্তার প্রকাশ ঘটাবেন বলে জানিয়েছেন তিনি।
ঢাকা রিপোটার্স ইউনিটিতে মঙ্গলবার ‘সমসাময়িক রাজনৈতিক সংকট উত্তরণে ‘কার্যকরী প্রস্তাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন নাসিম।
অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়া তার কার্যালয়ে অবরুদ্ধ হওয়ার পর আকস্মিকভাবে নিজেকে বিএনপির ‘মুখপাত্র’ দাবি করেন নাসিম, যাকে সরকারের ‘দালাল’ বলে আসছেন বিএনপি নেতারা।
মঙ্গলবারের আলোচনা সভায় বলার কয়েক সপ্তাহ আগেও একবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালামকে প্রার্থী করার ঘোষণা দিয়েছিলেন।
তবে তার প্রতিক্রিয়ায় সালাম বিবৃতি পাঠিয়ে বলেন, তাকে হেয় ও বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে তার নাম বলেছেন নাসিম।
আলোচনা সভায় প্রার্থী দেওয়ার কথা জানালেও তাদের নাম বলেননি ‘আসল বিএনপি’র মুখপাত্র।
নাসিম বলেন, “আগামী ১০ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বিএনপি। ওইদিন প্রমাণ করবে বিএনপি কত বড় রাজনৈতিক শক্তি। কাউন্সিল হবে জুলাই মাসে।”
কামরুল হাসান নাসিম (ফাইল ছবি)
বর্তমানে বিএনপিতে খালেদা জিয়ার নেতৃত্ব ‘অবৈধ’ দাবি করে তিনি সাংবাদিকদের বলেন, “আপনারা ঠিক করেন, কার কভারেজ করবেন? অবৈধ নেতৃত্বের, না নবধারার ‘আসল বিএনপির, যে বিএনপির জন্ম হয়েছিল বরেণ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে, তিনি পেয়েছিলেন বিদগ্ধ রাজনীতিকবর্গ, সমর্থক ও দেশের মানুষ।”
বিএনপি নেতৃত্বাধীন জোটের চলমান আন্দোলনে নাশকতা ঠেকাতে ইসিতে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে একাট্টা হওয়ার আহ্বান জানান নাসিম।
সব এলাকায় সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনের পরামর্শও দেন তিনি। তবে এই কমিটিতে জামায়াতে ইসলামীকে না রাখার কথাও বলেন তিনি।
‘ভোট, না ভাত’- এই বিষয়ে একটি বিশেষ গণভোটের আয়োজন করার দাবিও জানান নাসিম।
“ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, দেশ উন্নয়নের পথে এগুচ্ছে। কম বেশি তা সত্য বলে যদি ধরেও নেওয়া যায়, কিন্তু ৫ জানুয়ারিতে সব দলের অংশগ্রহণে ক্রেডিবল ইলেকশন হয় নাই, তা-ও মেনে নেওয়া জরুরি।”
