‘আসল বিএনপি’র ওপর নাখোশ সালাম
‘আসল বিএনপি’ মেয়র পদে তাকে প্রার্থী ঘোষণা করেছে খবর শুনে বেশ চটেছেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকার মহানগরের সাবেক সদস্য সচিব আবদুস সালাম।
“কে এই নাসিম? আমি তাকে চিনিই না। তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। সে একটা ভুয়া লোক, পাগল। আমি মনে করি, সরকারের এজেন্টরা এসব করাচ্ছে,” বলেছেন তিনি।
‘আসল বিএনপির মুখপাত্র’ কামরুল ইসলাম বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে সালামের নাম ঘোষণা করে।
এর প্রতিক্রিয়ায় সালাম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কথিত ভুয়া সংগঠন আমাকে জড়িয়ে যে ঘোষণা দিয়েছে তা সম্পূর্ণ ভুয়া। বিএনপিকে ক্ষতিগ্রস্ত ও আমাকে হেয় প্রতিপন্ন করতে এটা করা হয়েছে। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।”
নাসিম নামে এই ব্যক্তি সম্প্রতি সংবাদ সম্মেলন করে নিজেকে বিএনপির ‘আসল মুখপাত্র’ দাবি করে খালেদা জিয়া ও তারেক রহমানকে পদত্যাগের আহ্বান জানান।
বিএনপির অনেক নেতাই তার সঙ্গে বলে দাবি করেন নাসিম। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সালামের কথিত একটি অডিও টেপ প্রচার করে তাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন নাসিম।
সালাম বলেন, “আমরা একটি নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে আছি। সেখানে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আদৌও আমরা যাব কি না, তা নিয়েই প্রশ্ন রয়েছে।
অডিও টেপটি ভুয়া বলে দাবি করে তিনি বলেন, “আমি তো আন্দোলনের কর্মসূচির পর থেকে মোবাইল টেলিফোনসহ সব যোগাযোগ মাধ্যমে ট্যাপ হয় বলে তা ব্যবহার করাই ছেড়ে দিয়েছি। এই টেপ ষড়যন্ত্রকারীদের বানানো টেপ।”
“আমি স্পষ্টভাষায় বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে। দেশনেত্রীর বাইরে অন্য কোনো বিএনপির অস্তিত্ব নেই। কোথাকার কোন পাগল কী ঘোষণা দিলো, তাতে বিএনপির কিছু আসে যায় না,” বলেন সালাম।
