‘রাষ্ট্রপতির হাতে নির্বাহী ক্ষমতা নয়’
বাংলাদেশে প্রতি পাঁচ বছর পর নির্বাচন নিয়ে সংঘাতময় পরিস্থিতি এড়াতে রাষ্ট্রপতির কর্তৃত্ব বাড়ানোর যে প্রস্তাব নাগরিক সমাজের মধ্য থেকে উঠেছে, তার বিরোধিতা করছেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক।
সাবেক এই প্রধান বিচারপতি বলছেন, তা হবে সংবিধান পরিপন্থি। আর সংবিধান সংশোধন করলেও তা বাংলাদেশের বাস্তবতায় কার্যকর কিছু হবে না।
বিচারপতি খায়রুল হক বিশ্বে প্রচলিত দুই ধরনের সরকার পদ্ধতির তুলনামূলক চিত্র তুলে ধরে সংসদীয় পদ্ধতি চালু রাখার পক্ষে মত দিয়ে বলেন, এই প্রক্রিয়ার কোনো দুর্বলতা এখন মনে হলেও চর্চার মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব।
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত শনিবার নীতি গবেষণা ইনস্টিটিউট (পিআরআই) এবং আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানী অ্যাসোসিয়েশন(আইপিএসএ) আয়োজিত ‘গণতান্ত্রিকতার পুনর্বিবেচনা : ফলাফলের জন্য ঐক্যমত্য’ শীর্ষক এক আলোচনা সভায় রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর একটি প্রস্তাব আসে।
সিপিডির প্রতিষ্ঠাতা অধ্যাপক রেহমান সোবহানসহ কয়েকজন পাঁচ বছর পরপর সঙ্কটের ইতি টানতে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব তুলে ধরেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তের আগে গণভোটের ব্যবস্থা রাখার সুপারিশও করেন তারা।
তার প্রতিক্রিয়ায় আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা কাউকে হাতে তুলে দেওয়া যায় না। ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। যে পদ্ধতি আমাদের দেশে চালু রয়েছে, সেখানে যার যা সাংবিধানিক ক্ষমতা, সেটা বহাল রেখেই রাষ্ট্র পরিচালনা করতে হবে।
রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ- বিষয়টি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “জনগণের প্রতিনিধি ছাড়া অন্য কেউই রাষ্ট্রের পক্ষে কোনো ক্ষমতা ব্যবহার করতে পারেন না। এমনকি রাষ্ট্রের ১ নম্বর নাগরিক রাষ্ট্রপতিও নন। কারণ সকল ক্ষমতার উৎস জনগণ।
“জনগণের নিকট যার জবাবদিহিতা রয়েছে, তিনি বা তাদেরই হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে, অন্য কারও হাতে নয়। পার্লামেন্ট যেহেতু জনগণের প্রতিনিধি, সেহেতু তাদের মাধ্যমেই জনগণের নিকট দায়বদ্ধতা প্রদর্শন করা হয়ে থাকে। জনগণই যে দেশের মালিক এবং তাদের নির্দেশনাই যে সংবিধান, তা আমরা প্রায়ই অগ্রাহ্য করি বা ভুলে যাই।”
কর্মশালার প্রস্তাবের বিষয়ে বিচারপতি খায়রুল হক বলেন, যেহেতু ক্ষমতার উৎস জনগণ, কাজেই রাষ্ট্রপতিকে কোনো প্রকার নির্বাহী ক্ষমতা দিতে হলে সংবিধান সংশোধন করে তাকে সরাসরি নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। নইলে কোনো ক্ষমতারই অধিকারী তিনি হবেন না।
কিন্তু সেই সংশোধনও সংবিধানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক হবে বলে মত প্রকাশ করেন বাংলাদেশের শাসনতন্ত্র বাখ্যার অধিকর্তা সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ স্থানে দায়িত্ব পালন করে আসা এই ব্যক্তি।
ফাইল ছবি
এই প্রসঙ্গে তিনি বলেন, “মনে রাখতে হবে যে দুজন স্বৈরাচারী বন্দুকের জোরে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন, সেটা রাষ্ট্রদ্রোহিতা ছিল। সেটা কারও কাম্য হতেই পারে না।”
রাষ্ট্রপতির শাসন এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতা সৃষ্টি করে বলেও ইতিহাস থেকে শিক্ষা নিতে বলেন তিনি।
আইনি দিক তুলে ধরার পাশাপাশি এই প্রস্তাব কেন বাস্তবসম্মত মনে করছেন না, রাষ্ট্রপতিশাসিত যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে যুক্তি তুলে ধরেন বিচারপতি খায়রুল হক।
“একটি আসনে এমপি ইলেকশন করতে প্রার্থীর কয়েক কোটি টাকা লাগে, সেক্ষেত্রে প্রেসিডেন্টের ইলেকশন করতে প্রার্থীর কয়েকশ’ কোটি টাকা লাগবে। এই টাকাটা কে দেবে, যদি আমাদের সুশীল সমাজ দেয় তাহলে চলবে। এটা বলা সহজ, কিন্তু আমাদের দেশের জন্য এই পদ্ধতি একেবারেই অকার্যকর।”
“আমেরিকাতে হাজার হাজার কোম্পানি প্রেসিডেন্সিয়াল ইলেকশন ফান্ডে ডোনেট করে। সেখানে বড় বড় কোম্পানি প্রেসিডেন্টের পলিসিও প্রভাবান্বিত করেও থাকে, যা মোটেও কাম্য নয়।”
বাংলাদেশে ওয়েস্টমিনস্টার ধরনের যে গণতন্ত্র এখন প্রচলিত, ভারতে একই পদ্ধতি দীর্ঘদিন সফলভাবে চলার উদাহরণও আনেন সাবেক প্রধান বিচারপতি।
“ভারতে প্রায় ৭০ বছর ধরে এই পদ্ধতি ভালোভাবেই চলছে; দেড়শ কোটি মানুষ এর সুফল পাচ্ছে। আমাদের দেশে না চলার কোনো কারণ নেই।”
তার মতে, রাষ্ট্রপতিশাসিত পদ্ধতিতে ক্ষমতা কুক্ষিগত হওয়ার যে সুযোগ তৈরি হয়, বাংলাদেশের বর্তমান পদ্ধতিতে মন্ত্রিসভাকে যেহেতু জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হয়, সেহেতু প্রভাবান্বিত হওয়ার সম্ভাবনা কম থাকে।
চর্চার মধ্য দিয়ে পদ্ধতির দুর্বলতা কাটবে মন্তব্য করে তিনি বলেন, “যে কোনো দেশে প্রথমদিকে কিছু সমস্যা থাকতেই পারে। তার জন্য হা-হুতাশ করার কিছু নেই। পার্লামেন্টকে আরও কার্যকর কিভাবে করা যায়, সেটাই সকলের চিন্তা করা উচিত। মাথা ব্যথা বলে মাথা কাটার কোনো দরকার নাই।”
“কিভাবে সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালী ও কার্যকর করা যায়, সে বিষয়ে বিবেচনাপ্রসূত অর্থবহ পরামর্শ দেওয়াই হবে সুশীল সমাজের উপযুক্ত কাজ,” নাগরিক সমাজের উদ্দেশে বলেন বিচারপতি খায়রুল হক।
