২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচারিক জীবনে ন্যায়বিচার নিশ্চিত করেছি'

বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, বিচারিক জীবনে বিচারপ্রার্থীদের কথা চিন্তা করে তিনি ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 09:40 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, বিচারিক জীবনে বিচারপ্রার্থীদের কথা চিন্তা করে তিনি ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করেছেন। সোমবার সত্য ও জবাবদিহিতা কমিশনের (ট্রুথ কমিশনের) বিষয়ে আপিল আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আদালতকক্ষে আইনজীবীরা তার বিদায় উপলক্ষে বক্তব্য রাখেন। এসময় প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এ কথা বলেন। তিনি মঙ্গলবার অবসরে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি মোজাম্মেল হোসেন। খায়রুল হক বলেন, "১৯৯৮ সাল থেকে আমি বিচার কাজ করছি। এই পুরো বিচারিক জীবনে বিচারপ্রার্থীদের কথা চিন্তা করে ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করেছি।" "যখন আমি থাকবো না। তখন এই বিচার ব্যবস্থা নিয়ে ভালো কিছু শুনলে আমার ভালো লাগবে। আর খারাপ কিছু শুনলে কষ্ট লাগবে", বলেন তিনি। খায়রুল হক আরো বলেন, "আজ আমার শেষ কর্মদিবস। তবে আমৃত্যু সুপ্রিম কোর্টের সঙ্গে থাকবো।" অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, "আপনি অনেক ঐতিহাসিক মামলার রায় দিয়ে গিয়েছেন। এ সব কারণে বিচারিক ইতিহাসে আপনি স্মরণীয় হয়ে থাকবেন।" ১৯৪৪ সালের ১৮ মে খায়রুল হকের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল' করেন তিনি। তিনি ১৯৭০ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৬ সালে হাইকোর্টে এবং ১৯৮২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০৯ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/আরএ/ কেএমএস/১৫২৫ ঘ.