জয়কে নিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করুন: সুরঞ্জিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্রে ‘জড়িত’ বিএনপির ‘হাইকমান্ডকে’ চিহ্নিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক আলোচনা সভায় তিনি বলেন, “সজীব ওয়াজেদ জয়ের কর্মকাণ্ড খতিয়ে দেখা ও অপহরণের চেষ্টায় ২ জনের ৪২ মাস জেল হয়েছে। তাদের একজনের স্বীকারোক্তি অনুযায়ী এর সঙ্গে বিএনপির হাইকমান্ড জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশের এক রাজনীতিবিদের বিষয়ে তথ্য পেতে যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের এক সদস্যের সঙ্গে ঘুষ লেনদেনের দায়ে প্রবাসী এক বিএনপি নেতার ছেলেকে কারাদণ্ড দিয়েছে সে দেশের আদালত।
যুক্তরাষ্ট্রের আদালতের নথিপত্রে ওই রাজনীতিবিদের নাম উহ্য থাকলেও বিভিন্ন সংবাদপত্রের খবর, ওই রাজনীতিক হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয়।
সুরঞ্জিত বলেন, “বিএনপির এই হাইকমান্ড আমেরিকার নাগরিক নয়। এই হাইকমান্ড কারা? তারা কেউ আমেরিকার নাগরিক নয়। হাইকমান্ড কী নির্দেশ দিয়েছিল? কেন নির্দেশ দিয়েছিল? কতটুকু নির্দেশ দিয়েছিল? কোথা থেকে নির্দেশ দিয়েছিল- এইসব তদন্ত হয়নি। কারণ এটা যুক্তরাষ্ট্রের আইনের আওতায় পড়ে না।
“যদি হাইকমান্ড এখান থেকে নির্দেশ দিয়ে থাকে, তাহলে এই বিষয়গুলো তদন্ত করা প্রয়োজন। আমাদের সেই অথরিটি আছে। আমাদের আইন দ্বারা, ইন্টেলিজেন্স দ্বারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিষয়গুলো তদন্ত করা দরকার।”
