২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ‘মিথ্যাচার’ হয়েছে: বিএনপির নামে বিবৃতি

সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্রে বিএনপির হাইকমান্ড জড়িত বলে সংসদে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলে বিএনপির নামে একটি বিবৃতি এসেছে গণমাধ্যমে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 10:26 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

অজ্ঞাত স্থানে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনের নামে সোমবার এই বিবৃতিটি এসেছে। গত কিছুদিন ধরে তার নামেই ২০ দলের হরতালের বার্তা আসছে।

বাংলাদেশি এক রাজনীতিকের বিষয়ে তথ্য পেতে ঘুষ লেনদেনের দায়ে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বিএনপি নেতার ছেলেকে ওই দেশের আদালতে কারাদণ্ড দেওয়ার পর তা ধরে রোববার সংসদে আলোচনা ওঠে।

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের জন্য ওই ঘুষ লেনদেন হয়েছিল দাবি করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা তার জন্য ‘বিএনপির হাইকমান্ড’কে দায়ী করে জড়িতদের শাস্তির দাবি তোলেন।

তার প্রতিক্রিয়ায় পাঠানো বিবৃতিতে বলা হয়, “গতকাল অনির্বাচিত সদস্যদের বৈকালিক আড্ডায় বিকাশ মার্কা এমপিদের অলস সময়ের আলোচনায় প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় সাহেবের অপহরণ বিষয়ক কল্প কাহিনীর সাথে বিএনপি হাইকমান্ড জড়িত বলে নানা চটুল বাক্যালাপ করা হয়েছে। আমরা জাতীয় বালখিল্যপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

খালেদার কার্যালয় থেকে বর্জ্য অপসারণ

৬৩ দিন পর খালেদা জিয়ার গুলশানের কার্যালয় থেকে সোমবার কয়েক বস্তা আবর্জনা বাইরে এনে রাখা হয়েছে।

আবর্জনা জমে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় পুলিশকে জানিয়েই তা বাইরে ফেলা হয়েছে বলে ওই কার্যালয়ের কর্মচারীরা জানিয়েছেন।  

বস্তাগুলোর মধ্যে ছিল কয়েকশ পানির খালি বোতল, ভাঙা ফুলের টব, ভাঙা চেয়ার, নষ্ট টিউবলাইট, মশার ওষুধ-হারপিকের বোতল, গাছ-গাছালি, পরিত্যক্ত প্রিন্টারসহ নানা কিছু।

গুলশান থানার ওসির উপস্থিতিতে বস্তাভর্তি করে আনা এসব পরিত্যক্ত সামগ্রীর তালিকাও করা হয়।

গত ৩ জানুয়ারি থেকে ওই কার্যালয়ে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। এর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারা রয়েছে।

শুধু খালেদা জিয়ার আত্মীয়-স্বজনদেরই ওই কার্যালয়ে ঢুকতে দিচ্ছে পুলিশ। তার জন্য ছাড়া অন্য কারও জন্য খাবারও নিতেও বাধা দেওয়া হচ্ছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম ভালো ও সুস্থ আছেন। দলের নেতা-কর্মীদের সঙ্গেও তার যোগাযোগ আছে।”

নজরুল ইসলাম খান, সেলিমা রহমানসহ কয়েকজন নেতাসহ কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মীসহ অর্ধশতজন রয়েছেন ওই কার্যালয়ের ভেতরে।