প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির নামে বিবৃতি
খালেদা জিয়াকে শাস্তি দেওয়ার কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির নামে একটি বিবৃতি গণমাধ্যমে এসেছে।
অজ্ঞাত স্থানে থাকা বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদ রোববার এই বিবৃতি পাঠিয়েছেন। ২০ দলের চলমান আন্দোলনের মধ্যে হরতালের বিবৃতি তার নামেই আসছে।
বিবৃতিতে বলা হয়, “গতকাল (শনিবার) প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড ঘোষণা করেছেন। এরপরে দেশে আইন-আদালত ও বিচার ব্যবস্থার কোনো কার্যকারিতা আর অবশিষ্ট থাকে না।”
সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা চলমান হরতাল-অবরোধে নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে বলেছিলেন, “একজন খুনির শাস্তি যা হয়, সেই শাস্তি তা তাকে পেতে হবে।”
দুর্নীতি মামলার শুনানিতে খালেদা জিয়ার হাজির না হওয়া নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করা হয় পাঠানো বিবৃতিতে।
“প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা ১৩টি মামলায় তাকে কোনোদিন হাজিরাও দিতে হয়নি, মোকাবেলাও করতে হয়নি। নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার কল্যাণে তাকে সকল মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
বিচার বিভাগে সরকারের ‘নগ্ন হস্তক্ষেপ’ চলছে দাবি করেই বিবৃতিতে বলা হয়, “তারপরও দেশনেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা আইননিভাবে মোকাবিলা করা হবে।”
ক্ষমতাসীন আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বিবৃতিতে বলা হয়, “স্বৈরতান্ত্রিক একনায়কতান্ত্রিকতা পরিহার করে গণতন্ত্রের পথে আসুন। দেশকে বাঁচান, মানুষকে বাঁচান, নিজেরাও বাঁচার চেষ্টা করুন।”
