নাশকতা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান: হাসিনা
বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের মধ্যে চলমান নাশকতা রুখতে দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঐতিহাসিক ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার আওয়ামী লীগের সমাবেশে বক্তব্যে এই আহ্বান জানিয়ে তিনি অবরোধ আহ্বানকারী খালেদা জিয়াকে ‘জঙ্গিনেত্রী’ আখ্যায়িত করে তাকে শাস্তি দেওয়ার কথাও বলেছেন।
দুই মাস ধরে ২০ দলের অবরোধ-হরতালে সহিংসতার মধ্যে ঢাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সমাবেশের আগে সচিবালয়ের কাছে হাতবোমা হামলায় আহত হন দলটির ১৪ নেতা-কর্মী।
এর ঘণ্টাখানেকের মধ্যে জনসভায় ভাষণে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, প্রগতিশীল সকল শ্রেণি-পেশার মানুষকে এদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।
“জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। তাদের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে। হত্যা-খুন করে কেউ ক্ষমতা দখল করতে পারবে না।”
এই সমাবেশমুখী মিছিলে হামলার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আন্দোলনের নামে বিএনপি-জামাত জোট নাশকতা চালাচ্ছে। আমরা ধৈর্য ধরে মানুষের জীবনের নিরাপত্তা দিচ্ছি। আর উনি বোমা মারছেন।
“ভেবেছেনটা কী? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোদিনই সহ্য করা হবে না। দেশের অগ্রযাত্রা ব্যাহত করবে, মানুষ হত্যা করবে- এটা বরদাশত করব না।”
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “ভেবেছেন, বোমা মারবেন, মানুষ খুন করবেন- আর কেউ এসে ক্ষমতায় বসাবে।
“কেউ এসে ক্ষমতায় বসাবে না। এমনকি বিদেশিরাও এসে বলে গেছে যে, তারা জঙ্গিবাদ সমর্থন করে না।”
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “কোনো জঙ্গিনেত্রীর স্থান বাংলাদেশের মাটিতে হবে না। তাকে শাস্তি পেতে হবে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে জঙ্গিদের যেভাবে শাস্তি দেওয়া হয়ে থাকে, বাংলাদেশে নাশকতার সঙ্গে জড়িতদের শাস্তিও একইভাবে করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
“উনার বিরুদ্ধে কেবল দুর্নীতির মামলা নয়, খুনের মামলাও হয়েছে। এদেশের মানুষের জীবন নিয়ে যিনি খেলছেন, তার শাস্তি হবেই হবে। একজন খুনির শাস্তি যা হয়, সেই শাস্তি তা তাকে পেতে হবে। জঙ্গি-সন্ত্রাসীদের কোনো ক্ষমা নেই।”
অবরোধে নাশকতার কয়েকটি মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। জিয়া ট্রাস্ট দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।
দুর্নীতির মামলা দুটির বিষয়ে সরকার প্রধান শেখ হাসিনা বলেন, “আমরা মামলা দিইনি, মামলা দিয়েছে উনার প্রিয় মইন উদ্দীন-ফখরুদ্দীন গংরা। ওই মামলায় ৬৭টি তারিখ পড়েছে, তার মধ্যে উনি গিয়েছেন মাত্র ছয়দিন।
“শেষ দিন গিয়েছিলেন লাঠিসোঁটা আর অস্ত্রশস্ত্র নিয়ে। মনে করেছিলেন, কোর্টকে ভয়-ভীতি দেখিয়ে পার পেয়ে যাবেন। সততা আর বিশ্বাস থাকলে মামলা মোকাবেলা করতে উনার ভয় কেন? চোরের মন পুলিশ পুলিশ। ওই জন্যই উনি কোর্টে যেতে ভয় পান।”
বিএনপি-জামায়াত জোট হরতাল ডাকলেও তাতে জনগণের সাড়া নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
“অফিসে বসে হরতাল-অবরোধের ডাক দিচ্ছেন। ঘর ছেড়ে অফিসে থাকার মাজেজা কী? ওখানে বসে উনি কী বিপ্লব করতে চান? কে মানে তার হরতাল-অবরোধ? কেউ তো উনার হরতাল-অবরোধ মানেন না।”
অবরোধে নাশকতার জন্য সরাসরি খালেদা জিয়াকে দায়ী করে শেখ হাসিনা বলেন, “অফিসে বসে দলের নেতাদের ফোন করে নির্দেশ দেন। হুকুম দিয়ে বোমা হামলা চালাচ্ছেন। পেট্রোল বোমা মেরে, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারছেন।
“আর আঁতেল এক শ্রেণির লোক আছে, তারা দেখেও দেখে না,” তাদের জন্য বোমা বানাতে গিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির নেতার কব্জি উড়ে যাওয়ার ঘটনাগুলো তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী।
“যেসব শিক্ষিত লোক দেখেও দেখে না, তাদের চোখে আঙুল দিয়ে দেখাতে হয়। অবশ্য চোখ থাকতে কেউ অন্ধ হলে তাদের দেখাবে কে?”
বাংলাদেশের মানুষের পাশাপাশি বিদেশিদের সঙ্গেও খালেদা জিয়া ‘ধোঁকাবাজি-ভাঁওতাবাজি’ করেছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
“ভারতের বিজেপির সভাপতি অমিত শাহের ফোনালাপ নিয়ে উনি ধোঁকাবাজি করেছে। আমেরিকার ছয়জন কংগ্রেসম্যানের চিঠি জাল করে ভাঁওতাবাজি করেছেন।”
এফবিআইকে ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে এক বিএনপি নেতার ছেলের সাজার ঘটনার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এফবিআইকে ঘুষ দিয়ে জয়কে অপহরণ করবে, ক্ষতি করবে। এখন আমেরিকায় শাস্তি পেয়েছে। এখন খালেদা জিয়া কী জবাব দেবেন?
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের এই দিনে সমাবেশে শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী প্রমুখ।
