কূটনীতিকদের হুঁশিয়ার করলেন শেখ সেলিম
বিদেশি কূটনীতিকরা তাদের জন্য নির্দিষ্ট ‘রীতিনীতি’ ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে তিনি বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের উদ্দেশে বলেন, “বিদেশিদের বলি, আপনারা আপনাদের কূটনৈতিক শিষ্টাচার মেনে চলেন।”
সংসদে না থাকা খালেদা জিয়ার সঙ্গে কূটনীতিকদের বৈঠকের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “হু ইজ খালেদা জিয়া। আলোচনা করলে, সরকারের সঙ্গে বা বিরোধী দলের সাথে করেন। এরপরও, তার সাথে আলোচনা করলে, কূটনৈতিক রীতিনীতি ভঙ্গের জন্য যা করার করব।”
মুক্তিযুদ্ধ চলাকালে কয়েকটি রাষ্ট্রের বিরোধতার বিষয়টি উল্লেখ করে তিনি আরো বলেন, “৭১-এও আপনারা বিরোধিতা করেছিলেন। আপনাদের কথা আমরা শুনি নাই। দেশ স্বাধীন করেছি। দেশের ভালো আমরা বুঝি।
“বাংলাদেশে কোনো বিদেশি হস্তক্ষেপ চলবে না। বিদেশিরা আমাদের প্রভু না।”
নিজের কার্যালয়ে খালেদা জিয়ার অবস্থান নিয়ে শেখ সেলিম বলেন, “চিহ্নিত কিছু জঙ্গি ওখানে আছে। পুলিশের কাছে রিপোর্ট আছে। উনি গেলে তারা তো যেতে পারবে না। উনি গেলে তো ওদের ধরে ফেলবে।
“উনি (খালেদা জিয়া) তো শহীদ মিনারে বিশ্বাস করে না। আর, জামাত বলেছে, ‘আপনি যেতে পারবেন না’।”
‘উদ্বিগ্ন নাগরিকদের’ সমালোচনা করে শেখ সেলিম বলেন, “এদের কারা সুশীল বানাল? এরা নিজেরা নিজেদের সুশীল বানিয়েছে। এই সুশীলদের কয়জন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে? তারা পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছে।
“এরা সংলাপের নামে সন্ত্রাসীদের উৎসাহিত করছে। শেখ হাসিনা লাশের ওপর পাড়া দিয়ে এই সন্ত্রাসীদের সাথে আলোচনা করব না।”
