২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশ নিয়ে জামায়াতি সংস্কৃতিতে বিএনপি: কামরুল

একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে না গিয়ে ভাষা শহীদদের জন্য দোয়ার আয়োজন করে খালেদা জিয়া ও তার দল বিএনপি  জামায়াতের সংস্কৃতিই মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 03:06 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, “একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও খালেদা জিয়া শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে না যাওয়ায় প্রমাণ হয়, বিএনপি এখন জামায়াতের সংস্কৃতি মেনে নিয়েছে।”

হরতাল-অবরোধ-নৈরাজ্যের প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই মানববন্ধনের আয়োজন করে।

স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে আসা খালেদা জিয়া এবারই প্রথম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাননি। তবে বিএনপির একটি প্রতিনিধিদল শনিবার একুশে ফেব্রুয়ারির সকালে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানায়।

বিকালে শুলশানে নিজের কার্যালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন খালেদা। ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন বিএনপিনেত্রী।

ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে না যাওয়ায় খালেদার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপষ্টো সজীব ওয়াজেদ জয়। ফেইসবুকে এক মন্তব্যে তিনি এ ঘটনাকে ‘জাতীয় লজ্জা’ বলেছেন।

কামরুল বলেন, “জামায়াতকে অনুসরণ করে বিএনপি ঘরের মধ্যে দোয়া মাহফিলের আয়োজন করে শহীদ দিবসের কার্যক্রম শেষ করেছে।

“জামায়াত কখনো শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে না। খালেদা জিয়া জামায়াতের আচার-অনুষ্ঠান অনুরসরণ করতে শুরু করেছেন।”

চলমান সংকট নিরসনে যারা সংলাপের কথা বলছে তাদের খাদ্যমন্ত্রী ‘জ্ঞানপাপী’ আখ্যায়িত করেন।

তিনি বলেন, ‍“১৯৭১ সালেও কিছু বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তারই ধরাবাহিকতায় এখনও কিছু ‘সুশীল বাবু’ সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা করছে। তবে তারা সংখ্যায় খুব নগণ্য।”

বিএনপি আন্দোলনের নামে ‘সন্ত্রাস’ করছে মন্তব্য করে কামরুল বলেন, “তারা কোনো রাজনৈতিক কথা বলে না। আমরা কোনো রাজনৈতিক কথা বললে পাল্টা জবাব আসে না। তাই কথা বলতেও ভালো লাগে না।”

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে অন্যদের মধ্যে সাবেক আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকু, শাহ আলম মুরাদ ও এমএ করিম বক্তব্য দেন।

পুরনো খবর:

খালেদা ‘জাতীয় লজ্জা’: জয়
ভাষা শহীদদের জন্য মিলাদ পড়বেন খালেদা
খালেদা যাননি, ইনামের নেতৃত্বে শহীদ মিনারে বিএনপির ফুল