২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ‘জাতীয় লজ্জা’: জয়

বিএনপি জোটের অবরোধ-হরতালে গাড়িতে আগুন, পেট্রোল বোমায় মানুষের প্রাণহানির মধ্যে ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে খালেদা জিয়া শহীদ মিনারে না যাওয়ায় বিএনপি চেয়ারপারসনকে ‘জাতীয় লজ্জা’ বলেছেন সজীব ওয়াজেদ জয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 01:01 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

শনিবার নিজের ফেইসবুকে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা জয় লিখেছেন, “যাই হোক, এটা খুবই লজ্জার কিন্তু উল্লেখ না করে পারছি না যে ‘অন্য একটি’ রাজনৈতিক দলের নেতা খালেদা জিয়া শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

“যারা তাকে এবং তার দলকে সমর্থন করে তাদের কথা ভেবে এখনও আমি অবাক হচ্ছি। আপনি কীভাবে একজনকে সমর্থন করতে পারেন, যিনি আমাদের ভাষা আন্দোলনের শহীদদেরকে এবং আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করেন না? কীভাবে আপনি একজনকে সমর্থন করতে পারেন, যিনি জোট করেন জামায়াত এবং যুদ্ধাপরাধীদের সাথে?”

বিএনপি-জামায়াত জোটের গত দেড় মাসের অবরোধ-হরতালে গাড়িতে পেট্রোল বোমায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানির দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীপুত্র জয় লেখেন, “কীভাবে আপনি একজনকে সমর্থন করতে পারেন যিনি নারী ও শিশুদেরকে জীবন্ত পুড়িয়ে মারতে নির্দেশ দেন? খালেদা জিয়া কোনো জাতীয় নেতা নন, তিনি জাতীয় লজ্জা।”

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, “একুশে ফেব্রুয়ারির এই দিনে স্মরণ করছি ভাষা আন্দোলনের সকল শহীদকে। তারা জীবন দিয়েছিলেন বলেই আমরা আমাদের ভাষা বাংলায় কথা বলতে পারছি। সেটা ছিলো আমাদের স্বাধীনতার চূড়ান্ত আন্দোলনের সূচনা। এই দিনে সকল বাঙালিকে জানাই আমার শুভেচ্ছা।”

আশির দশকের শুরুর দিকে রাজনীতিতে আসার পর এবার প্রথমবারের মতো ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা সকালে শহীদ বেদীতে ফুল দিয়েছেন।

‘সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত’ কারণে খালেদা জিয়া এবার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাননি বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূচি ঘোষণার পর গুলশানের কার্যালয়ে গিয়ে আটকা পড়েন খালেদা জিয়া। ৫ জানুয়ারি পুলিশি বাধায় কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেওয়ার পর থেকে সেখান থেকে বেরোননি তিনি।