২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষাশহীদের জন্য খালেদার মিলাদ

একুশে ফেব্রুয়ারিতে এবার শহীদ মিনারে না গিয়ে ভাষাশহীদদের আত্মার মাগফেরাত কামনায় নিজের কার্যালয়ে মিলাদ পড়ে দোয়া করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 06:47 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

পুরনো খবর:

খালেদা যাননি, ইনামের নেতৃত্বে শহীদ মিনারে বিএনপির ফুল

শনিবার বিকালে গুলশান কার্যালয়ের নিচের তলায় মিলাদ ও দোয়া মাহফিল হয়, দোতলায় থেকেই তিনি মিলাদে অংশ নেন বলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

সরকারবিরোধী আন্দোলনে লাগাতার অবরোধ ডেকে দেড় মাসের বেশি সময় ধরে গুলশানের ওই কার্যালয়ে অবস্থান করছেন খালেদা।

প্রতিবার একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুল দিলেও এবার যাননি বিএনপি চেয়ারপারসন। তার উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে সকালে বিএনপি শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।

বিকালে খালেদার কার্যালয়ে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন খিলক্ষেত লেক সিটির নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান শামীম।

খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহান ২১ ফেব্রুয়ারিতে মাতৃভাষার জন্য জীবনদানকারী ভাষাশহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ম্যাডাম দোয়ায় অংশ নিয়েছেন। তিনি দোতলা থেকে মহিলা নেত্রীদের নিয়ে এই দোয়ায় অংশ নেন।”

দোয়া মাহফিলে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আবদুল কাইয়ুম, শিরিন সুলতানা।

মারুফ কামাল ছাড়াও ছিলেন খালেদার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আল আমিন ডিউ, একান্ত সচিব আবদুস সাত্তার, নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মজিদসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

গত ২৪ জানুয়ারি খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর থেকে এই কার্যালয়ে প্রতিদিন কোরআন তেলওয়াত ও মিলাদ মাহফিল হচ্ছে। এর অংশ হিসেবে উলামা দলের কয়েকজন সদস্য ও বিভিন্ন মসজিদের কয়েকজন ইমাম গুলশান কার্যালয়ে ঢুকে মিলাদ শেষে চলে যান।

১৯৮২ সালে রাজনীতিতে আসার পর থেকে এবারই প্রথম খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাননি।  ‘পারিপার্শ্বিক অবস্থা ও নিরাপত্তাজনিত’ কারণে খালেদা জিয়া এবার শহীদ মিনারে যাননি বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে দোয়া মাহফিলের আগে বিকাল ৪টা থেকে পুলিশ গুলশান কার্যালয়ের সামনের ৮৬ নম্বর সড়কের দুই দিকে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

খাবারে বাধা

এদিকে শনিবারও পুলিশি বাধায় খালেদা জিয়ার জন্য আনা খাবার ওই কার্যালয়ে দিতে পারেননি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটি দল। এক পর্যায়ে রাস্তার ওপর খাবার রেখে চলে যান তারা।

খালেদা জিয়ার জন্য ভাত-মাছ-মাংস, পানি, কলা ও জুস এনেছিলেন তারা।

বেলা সোয়া ১২টার দিকে অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার রেজাউর রহমানের নেতৃত্বে কয়েকজন পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের ৮৬ নম্বর সড়কের উত্তর দিকের মোড়ে পৌঁছালে তাদের পথ আটকায় পুলিশ।

এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রেজাউর রহমান সাংবাদিকদের বলেন, “এটা দুঃখজনক- আমরা আমাদের সাবেক সেনাপ্রধানের স্ত্রীর জন্য মানবিক কারণে কিছু খাবার নিয়ে এসেছিলাম, তা সেখানে নিতেও দিচ্ছে না পুলিশ। এমনকি সেগুলো পৌঁছে দিতেও চাচ্ছে না তারা।

“এ থেকে বোঝা যায়, পরিস্থিতি এখানে স্বাভাবিক নয়। আমরা গণমাধ্যমে শুনেছিলাম, বেগম জিয়ার কার্যালয়ে খাবার যাচ্ছে না। তা আজ প্রত্যক্ষ করলাম।”

রেজাউরের সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সাবেক স্কোয়াড্রন লিডার এম ওয়াহিদ উন নবী, টুকু জামিল, মুহাম্মদ তারেক, সাবেক মেজর জামালি হায়দার প্রমুখ ছিলেন।

গত ৩ জানুয়ারি পুলিশ খালেদা জিয়াকে ওই কার্যালয়ে অবরুদ্ধ করে ফেলেছিল। কিছু দিন পর পুলিশি বেষ্টনি সরানো হলেও বিএনপি চেয়ারপারসন ওই কার্যালয় ছাড়েননি।

তবে গত এক সপ্তাহ ধরে ওই কার্যালয়ে খাবার নিতে বাধা দিচ্ছে পুলিশ। সেই সঙ্গে কার্যালয়ে ঢোকা-বের হওয়ায়ও নিয়ন্ত্রণ করা হচ্ছে।