সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: মহিউদ্দিন
বিএনপি জোটের ডাকা অবরোধ ও হরতালের নামে নাশকতার সঙ্গে জড়িতদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
তিনি বলেছেন, “চট্টগ্রামে কারা কারা পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটাচ্ছে, অর্থযোগান দিচ্ছে তার খবর আমাদের কাছে আছে।
“সহিংসতায় জড়িত কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না।”
শুক্রবার বিকালে নগরীর লালদীঘি মাঠের সামনের সড়কে ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের নামে চলমান নাশকতার প্রতিবাদে ১৪ দলের সমাবেশে এ কথা বলেন তিনি।
সমাবেশের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, হরতাল-অবরোধের মত কর্মসূচির বারটা বাজিয়েছেন খালেদা জিয়া। তেজহীন, ধারহীন এ কর্মসূচি এখন হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে।
“প্রহসনের এ হরতাল, মানুষ মারার এ অবরোধ বাংলাদেশে এখন ভোঁতা হয়ে গেছে। এ ভোঁতা কর্মসূচি দিয়ে সরকার পতনের দিবাস্বপ্ন পরিত্যাগ করুন।”
সমাবেশের পরে ১৪ দলের নেতাকর্মীরা পেট্রোল বোমা ছুড়ে নাশকতার প্রতিবাদে নগরীতে একটি মিছিল বের করে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, বদিউল আলম, শফিকুল ইসলাম ফারুক, শ্রমিক লীগ নেতা সফর আলী, ওর্য়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম ও গণতন্ত্রী পার্টির স্বপন সেন প্রমুখ।
