সমস্যা নির্বাচন নয়, জঙ্গিবাদ: ইনু
সংলাপ ও নির্বাচন কোনো সমস্যা নয়, সমস্যা জঙ্গিবাদ বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার ভোলার চরফ্যাশনে তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ আর নাশকতা বন্ধ না করে কোনো অর্থবহ আলোচনা সম্ভব নয়।
দুপুরে চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হলে ‘রেডিও মেঘনা’র উদ্বোধন করেন তিনি।
ইনু বলেন, খালদা জিয়া নির্বাচন বা গণতন্ত্র চান না। খালেদা জিয়া আর তারেক জঙ্গিবাদ আর নাশকতার মূল পরিকল্পনাকারী।
যারা এখন সংলাপ আর নির্বাচনের কথা বলেন, তারা সন্ত্রাস আর জঙ্গিবাদকে মদদ দিচ্ছেন, তারা জ্ঞানপাপী বলে মন্তব্য করেন তিনি।
দেশের বর্তমান পরিস্থিতিকে যুদ্ধ আখ্যায়িত করে তিনি বলেন, এ যুদ্ধ শেখ হাসিনা আর খালেদা জিয়ার নয়, এ যুদ্ধ গণতন্ত্র বনাম জঙ্গিবাদের। এ যুদ্ধ গণতন্ত্র বনাম সন্ত্রাসবাদের।
চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আকন্দের সভাপতিত্বে রেডিও মেঘনার উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, তথ্য সচিব মরতুজা আহমদ, পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম এবং একশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
অনুষ্ঠান পরিচালনা করেন বেসরকারি প্রতিষ্ঠান ‘কোস্ট ট্রাস্ট’-এর নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।
রেজাউল করিম চৌধুরী জানান, কোস্ট ট্রাস্ট বঙ্গোপসাগরে ক্ষুদ্র মৎসজীবীদের নিরাপত্তা ও বিচ্ছিন্ন দ্বীপবাসীর সুরক্ষায় চরফ্যাশনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহায়তায় ১৭ কিলোমিটার এলাকায় ১০০ ওয়াট ক্ষমতার রেডিও মেঘনা পরীক্ষামূলকভাবে পরিচালনার অনুমতি পায় এক সপ্তাহের জন্য।
পরীক্ষায় সন্তোষজনক মান পাওয়া গেলে স্থায়ী অনুমতি দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
