চট্টগ্রামে নাশকতার প্রতিবাদে শ্রমিক লীগের সমাবেশ
চলমান অবরোধ-হরতালের নামে নাশকতা ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে শ্রমিক লীগ।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশ থেকে অবিলম্বে পেট্রোল বোমা ও আগুন দিয়ে সাধারণ মানুষ হত্যা বন্ধের দাবি জানান বক্তারা।
তারা বলেন, আন্দোলনের নামে যা চলছে তা সন্ত্রাস। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া অবরোধ-হরতালের নামে কোমলমতি শিশুদের শিক্ষাজীবন নষ্ট করায় ২০ দলীয় জোটের নেতৃবৃন্দের বিচার দাবি করেন বক্তারা।
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সফর আলী, নগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, নগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান ও সাধারণ সম্পাদক মাহবুবুল হক এটলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি এম এ রহিম, কামাল উদ্দিন ভুঁইয়া, আবুল হোসেন আবু, গাজী জসিম উদ্দিন, আবদুল খালেক ও রতন মাঝি।
