নাশকতা বন্ধ না হলে আলোচনা নয়: ইনু
সহিংসতা-নাশকতা বন্ধ করার আগে রাজনৈতিক বিষয়ে আলোচনা হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, “যারা সংলাপের জন্য তদবির করার চেষ্টা করছেন তাদের আমি বলব- আপনারা আগে খালেদা জিয়ার কাছে ধরণা দিন, আগুনসন্ত্রাসীদের থামানোর জন্য তার কাছে তদবির করুন। এসব আগুনসন্ত্রাস বন্ধ করার আগে অন্য কোনো রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হতে পারে না।”
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রয়াত নেতা কাজী আরেফ আহমেদের ১৬তম মৃত্যুবার্ষিকীতে জাসদ আয়োজিত স্মরণসভায় একথা বলেন তিনি।
সোমবার জাসদ কার্যালয়ে কর্নেল তাহের মিলনায়তনে কাজী আরেফসহ সন্ত্রাসীদের গুলিতে নিহত পাঁচ নেতার স্মরণে স্মরণসভার আয়োজন করা হয়।
ইনু বলেন, “১৯৭৫ সালের পরে সামরিক সরকার এসে রাজাকারদের আবার এদেশে রাজাকারদের মহিমান্বিত করে, রাজাকারদের পুসর্বাসনের ব্যবস্থা করেছে। সেই ব্যবস্থা অব্যাহত রেখেছে বিএনপি, চারদলীয় জোট সরকার।
“১৯৭১ সালে যেমন রাজাকার ও পাকিস্তানিদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের কোনো মিটমাট হওয়ার সুযোগ ছিল না, তেমনি ১৯৭৫ এর পরে সামরিক শাসন ও গণতান্ত্রিক রাজনীতির কোনো মিটমাট হতে পারে না।”
কাজী আরেফকে স্মরণ করে তিনি বলেন, কাজী আরেফ শুধু জাসদেরই নেতা ছিলেন না, তিনি মুক্তিযুদ্ধেরও একজন নেতা ছিলেন। তিনি ঊনসত্তরের গণআন্দোলনের পিছনেও তিনি ছিলেন। পাকিস্তানের কাঠামো ভেঙ্গে বাংলাদেশের স্বপ্ন দেখিয়োছিলেন।
“পরে জাহানারা ইমামের হাত ধরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে আন্দোলন তিনি করেছিলেন তারই ফলস্রুতিতে আজকে সরকার যুদ্ধাপরাধীদের বিচার ও সাজা কার্যকর করতে পারছে।”
স্মরণসভায় জাসদের সাধারণ সম্পাদক শরিফুল আম্বিয়া বলেন, “কাজী আরেফ সারাজীবন খুবই সাধারণ জীবনযাপন করেছেন এবং একটি শোষণমুক্ত বাংলাদেশের জন্য লড়েছেন। যে সমৃদ্ধ বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা গড়ে তুলতে হলে আমাদের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দীন খান বাদল, অধ্যাপক মোখলেসুর রহমান মুক্তাদির, শওকত রায়হান ও রেজাউল করিম তানসেন।
