২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখে সংলাপ, আড়ালে ষড়যন্ত্র: মেনন

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি জোটের সঙ্গে সরকারের সংলাপের আহ্বানের মধ্যে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 10:09 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

বিএনপি জোটের অবরোধ-হরতালে নাশকতার প্রতিবাদে সোমবার রাজধানীর উত্তরার আজমপুরে ১৪ দলের সমাবেশে তিনি বলেন, “সংলাপ এখন খারাপ শব্দ হয়ে গেছে।

“ওয়ান-ইলেভেনের সময় যারা সংলাপের কথা বলেছেন, তাদের লক্ষ্য ছিল দুই নেত্রীকে সরিয়ে দেওয়া। আজকেও সেই সংলাপেরই কথা উঠেছে। এটা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র।”

বিএনপি রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে এখন সংলাপের কথা বলাচ্ছে বলেও দাবি করেন বিমানমন্ত্রী মেনন।

“বিএনপি রাজনীতির মাঠে হেরে গিয়ে সংলাপের কথা বলতে বিশিষ্ট ব্যক্তি আর বুদ্ধিজীবীদের মাঠে নামিয়েছে, যারা বিশেষ সময়ে সুবিধে লুটে।”

সমাবেশে বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দেন।

“আপনাদের সঙ্গে সংলাপের কোনো প্রশ্নই আসে না। কারণ খুনির সঙ্গে কোনো সংলাপ হবে না। আপনারা নির্বাচন চাইলে ২০১৯ সালে হবে, সেটা শেখ হাসিনার অধীনেই হবে।”

হরতাল-অবরোধে নাশকতার দিকে ইঙ্গিত করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “খালেদা জিয়া এখন জঙ্গির নেত্রী, মানুষ মারার নেত্রী।”

নাশকতাকারীদের ধরতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “বিএনপি-জামায়াত কর্মীদের যেখানে পাবেন, ধরে মিষ্টি খাইয়ে পুলিশে দেবেন।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের সভাপতিত্বে ১৪ দলের ওই সমাবেশে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনও বক্তব্য রাখেন।