রাজশাহীতে হরতাল-অবরোধ বিরোধী বিক্ষোভ
হরতাল-অবরোধের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।
সোমবার বিকালে মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হওয়া দীর্ঘ এ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
মিছিলে নগরীর চার থানা এবং ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি সাহেববাজার জিরোপয়েন্টে, সোনাদীঘি, রাণীবাজার, নিউমার্কেট ও রেলগেট হয়ে বাস ট্রার্মিনালে গিয়ে শেষ হয়।
পরে বাস ট্রার্মিনালে পথসভায় হরতাল-অবরোধের নাম গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার দায়ে খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানান খায়রুজ্জামান লিটন।
একই সঙ্গে সার্বক্ষণিকভাবে সজাগ থেকে নাশকতাকারীদের চিহ্নিত করে তাদের ধরিয়ে দিতে আইনশৃংখলা বাহিনীকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
মিছিলে অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, আসলাম সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, সেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, ছাত্রলীগ সভাপতি রকি ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
