২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনএফ-জাপায় সংসদে উত্তেজনা

গুলশান থেকে খালেদা জিয়ার কার্যালয়ের সঙ্গে বনানী থেকে এইচ এম এরশাদের রাজনৈতিক কার্যালয় সরানোর দাবি তুলে সংসদে উত্তাপ ছড়ালেন বিএনএফ নেতা আবুল কালাম আজাদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 08:12 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

রাজধানীর ওই এলাকার সংসদ সদস্য আজাদ সোমবার সংসদ অধিবেশনে এই দাবি তোলার পর জাতীয় পার্টির সংসদ সদস্যরা সমস্বরে প্রতিবাদ জানাতে থাকেন।

জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্য তেড়ে যান বিএনএফ নেতার দিকে। এসময় আজাদও জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে ‘স্বৈরাচার’ বলতে থাকেন।

গত এক মাস ধরে বাংলাদেশে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপি চেয়ারপারসনের কার্যালয় নিয়ে সোমবার অধিবেশনে আলোচনার সূত্রপাত ঘটান জাসদ নেত্রী শিরীন আখতার।

হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে দুপুরে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের পর সন্ধ্যায় তিনি সংসদে অনির্ধারিত আলোচনায় দাঁড়ান।  

কূটনীতিক পাড়া গুলশান থেকে খালেদা জিয়ার কার্যালয় সরিয়ে ফেলতে সরকারের প্রতি দাবি জানান শিরীন। বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তারের দাবিও তিনি জানান।

এরপর অনির্ধারিত আলোচনার জন্য দাঁড়ান গুলশান-বনানী এলাকার সংসদ সদস্য আজাদ। ৫ জানুয়ারির নির্বাচনে এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহারের পর এই আসনে নির্বাচিত হয়ে প্রথম বারের মতো সংসদে আসেন তিনি।

Image
আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ

আজাদ বলেন, “ডিপ্লোমেটিক জোন থেকে সব রাজনৈতিক কার্যালয় সরিয়ে ফেলতে হবে। এর আগেও আমি একথা সংসদে বলেছি। ওই এলাকায় আরও একটি রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে, জাতীয় পার্টির কার্যালয়। সেটাও সরিয়ে ফেলা হোক।”

তার এ বক্তব্যের সঙ্গে সঙ্গে জাতীয় পার্টির সংসদ সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন। এসময় সংসদে বিরোধী দলের আসনের সামনের সারিতে শুধু মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন।

আজাদের বক্তব্যের সময় জাতীয় পার্টির বেঞ্চ থেকে মাইক ছাড়াই শব্দ হতে থাকে- “ওরে ধর, ধর। ওখান থেকে নামা।”

কয়েকজন নিজের আসন ছেড়ে আজাদের দিকে তেড়েও যান।

এসময় আজাদ পাল্টা বলেন, “অনুগত বিরোধী দল, অনুগত বিরোধী দল, অনুগত বিরোধী দল, অনুগত বিরোধী দল। স্বৈরাচারী।”

ঢাকা-১৭ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, “আমাকে বাধা দেবেন না। প্রতিবাদ করতে পারেন, আমি আমার কথা বলে যাব। আমার সংসদীয় এলাকা থেকে সকল রাজনৈতিক এলাকা সরিয়ে নিতে হবে।”

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এ সময় জাতীয় পার্টির সংসদ সদস্যদের থামানোর চেষ্টা করেও বিফল হন।

কিছুক্ষণ উত্তেজনার পর জাতীয় পার্টির শওকত চৌধুরী ফ্লোর নিয়ে বলেন, “উনার (আজাদ) বিএন না কি যেন দল, নামও জানি না। এরশাদ সাহেবের অনুগ্রহের কারণে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মাননীয় স্পিকার তার এই বক্তব্য এক্সপাঞ্জ করতে হবে। না হলে আমরা সংসদ থেকে ওয়াক আউট করব।”

Image
জিয়াউদ্দিন আহমেদ বাবলু

জিয়াউদ্দিন আহমেদ বাবলু

এরপর জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, “এখানে খালেদা জিয়া আর এরশাদের কার্যালয় এক করে ফেলা হচ্ছে। উনার ওই কথা আপত্তিকর।

“খালেদা জিয়ার অফিস থেকে বোমার মারার নির্দেশ দেওয়া হচ্ছে। এরশাদ সাহেবের অফিস থেকে নয়।”

বাবলু এসময় আজাদের বক্তব্য এক্সপাঞ্জ করার পাশাপাশি তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এসময় বলেন, “আবুল কালাম আজাদ যে বক্তব্য রেখেছেন ওই সময় হৈ চৈ-এর কারণে আমি সব শুনতে পারিনি। উনি যদি অসংসদীয় বা আক্রমণাত্মক কিছু বলে থাকেন, আমি সেগুলো পরীক্ষা করে দেখে এক্সপাঞ্জ করবো।

“আর একটা কথা, যা আপনি বলেছেন (নিঃশর্ত ক্ষমা), আমার এই চেয়ার থেকে সে বিষয়ে কিছু বলতে পারব না। উনি যদি অনুতপ্ত হন তবে নিজেই বলবেন।”

পুরনো খবর:

খালেদার কার্যালয় গুলশান থেকে সরাতে সংসদে দাবি
সংসদে উভয় বেঞ্চ থেকেই খালেদাকে গ্রেপ্তারের দাবি