খালেদার কার্যালয়ে তুর্কি রাষ্ট্রদূত
যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসনের পর বিদেশি কূটনীতিক হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মোফতুগলু।
রোববার বিকালে তুরস্কের রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়িটি গুলশানের ওই কার্যালয়ে ঢোকে। সেখানে গত ৩ জানুয়ারি থেকে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন।
রাষ্ট্রদূত ওই বাড়িরে দোতলায় খালেদা জিয়ার সঙ্গে আধা ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সাংবাদিকদের বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ দ্বি-পক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত পুত্রহারা বেগম জিয়াকে সমবেদনাও জানিয়েছেন।”
অবরুদ্ধ অবস্থায় লাগাতার অবরোধের ঘোষণা দিয়ে খালেদা জিয়া এই কার্যালয়ে অবস্থানের মধ্যেও মালয়েশিয়ায় তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়। লাশ ঢাকায় আনার পর কার্যালয়ে থেকেই ছেলেকে শেষ বিদায় জানান তিনি।
কিছু দিন অবরুদ্ধ করে রাখার পর ওই কার্যালয় থেকে পুলিশি বেষ্টনি সরানো হলেও এখনও সেখানে আসা-যাওয়া নিয়ন্ত্রণ করছেন এসবি সদস্যরা। ভেতরে খাবার ঢুকতেও বাধা দেওয়া হচ্ছে।
এর মধ্যেই গত ১১ জানুয়ারি ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন গুলশানের ওই কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় জান-মালের ক্ষয়ক্ষতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ জানিয়ে আসছে।
