সালাহ উদ্দিনের নামে ফের বিবৃতি, হরতালের বার্তা
দুই দিন বিরতি দিয়ে বিএনপির নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে নতুন করে ৭২ ঘণ্টার হরতালের বার্তা দেওয়া হয়েছে।
শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নামে পাঠানো ওই বার্তায় বলা হয়, গত ৫ জানুয়ারি থেকে চলমান অবরোধের মধ্যেই ‘২০ দলীয় জোটের উদ্যোগে’ রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে এই হরতাল হবে।
গত দুই সপ্তাহেও একইভাবে রবি থেকে বুধবার ৭২ ঘণ্টার হরতাল ডেকে বিবৃতি পাঠানো হয়, যা পরে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়।
গত ১১ ফেব্রুয়ারি সালাহ উদ্দিনের নামেই একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়, যাতে এসএসসি পরীক্ষার দিনগুলোর হরতাল প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হয়।
কিন্তু পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় থেকে বলা হয়, ওই বিবৃতি বিএনপির নয়, সেটি ‘ভুয়া ও বানোয়াট’।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি অবরুদ্ধ অবস্থা থেকে সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন। পরে পুলিশ পাহারা সরিয়ে নেওয়া হলেও এখনও গুলশানের ওই কার্যালয়ে রয়েছেন তিনি।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের পক্ষ থেকে অবরোধের মধ্যেই প্রায় লাগাতার হরতালের ডাক দিয়ে বিবৃতি আসছে। এই পরিস্থিতিতে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
গত ৩১ জানুয়ারি বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর থেকে যুগ্মমহাসচিব সালাহ উদ্দিনের নামে জোটের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে আসছে। তবে গত কয়েক সপ্তাহের মধ্যে সালাহ উদ্দিনকে প্রকাশ্যে দেখা যায়নি।
হরতালের বার্তার নিচে আগের মতোই সালাহ উদ্দিনের নামে একটি স্বাক্ষর কেটে এনে বসানো হয়েছে। বিএনপি বা ২০ দলীয় জোটের অন্য কোনো নেতা এই হরতালের বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেননি।
