নাশকতা ঠেকাতে প্রশিক্ষিত বাহিনীর প্রস্তাব সুরঞ্জিতের
বিএনপি জোটের চলমান অবরোধ-হরতাল কর্মসূচির মধ্যে ঘটতে থাকা নাশকতা মোকাবেলা করতে নতুন আইনের পাশাপাশি প্রশিক্ষিত বিশেষ একটি বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ তুলে ধরে তিনি বলেছেন, “এই নাশকতাকে আইন- শৃঙ্খলা ও রাজনৈতিক সংকট হিসেবে চিহ্নিত না করে একে ‘ইনসারজেন্সি’ বা মৌলবাদ, জঙ্গিবাদ ও নাশকতার সংকট হিসেবে চিহ্নিত করে নতুন আইন ও ট্রেইন্ড বাহিনী গঠন করতে হবে।”
বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অবরোধে গত এক মাসে গাড়িতে অগ্নিসংযোগ ও সংঘর্ষ-হামলায় অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন। নাশকতা মোকাবেলায় র্যাব-পুলিশকে সহায়তায় বিজিবিও কাজ করছে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত বলেন, শুধু আইন- শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে থাকলে চলবে না, সবাইকে সম্মিলিতভাবে এই সমস্যা মোকাবেলা করতে হবে।
“আন্দোলন আর নাশকতা এক না। গণআন্দোলনের চরিত্র এক রকম আর নাশকতার চরিত্র আরেক রকম।”
সুরঞ্জিত বলেন, “আমাদের আন্দোলনের মধ্যে এই পেট্রোল বোমার সংস্কৃতি আগে ছিল না। এর জননী বিএনপি নেত্রী খালেদা জিয়া। বর্তমানে যেসব নাশকতা চলছে তা একটি নিচু জাতীয় নাশকতাবাদী ষড়যন্ত্র। এটি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে।”
তিনি বলেন, “আমরা দুটি জায়গায় আটকে গেছি। এক বুদ্ধিজীবীদের যত তাড়াতাড়ি বিভ্রান্তি কাটবে এবং গণমাধ্যম যত তাড়াতাড়ি এই নাশকতার বিরুদ্ধে অবস্থান নেবে।”
নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এ সভায় সংগঠনের সভাপতি ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ন কবীর মিজি, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু প্রমুখ।
