২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ে শ্রমিক লীগ

খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে সরকার সমর্থিত সংগঠন শ্রমিক লীগের নেতারা হুমকি দিয়েছেন, অবরোধ তুলে নেওয়া না হলে ওই কার্যালয়ের ভেতরে ঢুকে পড়বেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 02:09 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের কাছে এক ঘণ্টা অবস্থান কর্মসূচির পর সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এই হুমকি দেন।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে বলছি, এখনও সময় আছে, দয়া করে অবরোধ ও হরতালের কর্মসূচি প্রত্যাহার করে নিন।  এই আহ্বানে সাড়া না দিলে শ্রমিক লীগের কর্মীরা আপনার কার্যালয়ে ঢুকে পড়বে। তখন আপনি তাদের ঠেকাতে পারবেন না।”

শিগগিরই জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবে বলে জানান তিনি।

গত এক মাস ধরে বিএনপির অবরোধ-হরতালের মধ্যে এর আগে পরিবহন শ্রমিক লীগের পাশাপাশি দিনমজুর ও শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহারের দাবি জানিয়ে ওই কার্যালয়ের সামনে অবস্থান-মানববন্ধন করে।

টানা অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপারসন গত ৩ জানুয়ারি থেকে গুলশান ২ নম্বর সেকশনের ৮৬ নম্বর সড়কের ওই কার্যালয়ে অবস্থান করছেন। 

সকাল সাড়ে ১১টার দিকে ৮৬ নম্বর সড়কের মোড়ে জাতীয় শ্রমিক লীগের ব্যানারে সহস্রাধিক শ্রমিক-কর্মচারী জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে।

তারা অবরোধ ও হরতাল কর্মসূচি প্রত্যাহারের দাবির পাশাপাশি ‘শেখ হাসিনা এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে’ স্লোগানও দেয়।

এক পর্যায়ে তারা মিছিল নিয়ে খালেদার কার্যালযের অভিমুখে যাত্রা শুরু করলে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের কাছে পুলিশ তাদের আটকে দেয়। তখন সেখানে বসেই সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সহসভাপতি আহমেদ ফারুক, ঢাকা মহানগর শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

তারা সহিংস রাজনীতির জন্য খালেদা জিয়াকে দায়ী করে তাকে গ্রেপ্তার করতে সরকারের প্রতি দাবি জানান।

সারাদেশে বাসে-ট্রেনে পেট্রোল বোমায় মানুষ হত্যার চিত্র তুলে ধরে শুক্কুর মাহমুদ বলেন, “এখনও সময় আছে, ধ্বংসাত্মক পথ থেকে সরে আসুন। নইলে এর পরিণতি শুভ হবে না।”

জাতীয় শ্রমিক লীগের এই কর্মসূচিতে ডেসকো শ্রমিক লীগ, বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক লীগ, পল্লী বিদ্যুৎ শ্রমিক লীগ, টিএন্ডটি ইউনিট ফোরাম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক-কর্মচারী লীগের ব্যানার দেখা গেছে। কর্মসূচিতে আসা অনেকের হাতে লাঠি ও জুতা ছিল।

শ্রমিক লীগের কর্মীদের বাস, ট্রাকে করে গুলশানে নিয়ে আসা হয়। এরপর তারা মিছিল করে গুলশানের ৮৬ নম্বর সড়কে যান।