২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ পুড়িয়ে সরকার হটানো যাবে না: মহিউদ্দিন

সন্ত্রাসীদের দিয়ে চোরাগুপ্তা হামলা চালিয়ে সরকারকে হটানো যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 09:03 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

রোববার বিকালে নগরীর ওয়াসা মোড়ে ‘বিএনপি-জামায়াত জোট কর্তৃক দেশব্যাপী পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে হত্যার বিরুদ্ধে’ ১৪ দলের মানববন্ধনে এ কথা বলেন তিনি।

মহিউদ্দিন বলেন, “গুটিকয়েক সন্ত্রাসী দিয়ে চোরাগুপ্তা হামলা করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটানো যাবে না। এ সরকার জনগণের ‘ম্যান্ডেট’ নিয়েই পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগুন নিয়ে খেলছেন বলে মন্তব্য করে নগর আওয়ামী লীগের সভাপতি বলেন, আগুনে পুড়িয়ে মানুষ হত্যার যন্ত্রণা তার নেতাকর্মীদেরও ভোগ করতে হবে।

“জনগণের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছি। সে আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

“কিন্তু বিএনপি-জামায়াত জোট গণতান্ত্রিক আন্দোলনের নামে দেশের জনগণের হত্যাযজ্ঞে মেতে উঠেছে।”

গত বছরের ৫ জানুয়ারির দশম জাতীয় নির্বাচন বর্জনকারী বিএনপি বর্ষপূর্তির দিন থেকে টানা অবরোধ ডাকে এবং ফাঁকে ফাঁকে হরতালও দিচ্ছে।  অবরোধ ও হরতালে গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে এবং আগুন দিয়ে পুলিশ সদস্যসহ ৬০ জনের বেশি মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। এছাড়াও এসব ঘটনায় দেড়শতাধিক মানুষ দগ্ধ হওয়াসহ নানাভাবে আহত হয়েছেন।

মানববন্ধন চলাকালে নগরীর ৫২টি স্থানে আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও ১৪ দলের নেতাকর্মীরা অবস্থান নেয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিকান্দার চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সুনীল সরকার ও খোরশেদ আলম সুজন, সম্পাদকমণ্ডলীর সদস্য বদিউল আলম, শফিক আদনান, শফিকুল ইসলাম ও চন্দন ধর।