২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজভী ফের রিমান্ডে

নাশকতার এক মামলায় তিনদিনের রিমান্ড শেষে বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলা বোমা নিক্ষেপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 05:22 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম বুধবার বিএনপির এই যুগ্ম মহাসচিবের রিমান্ড মঞ্জুর করেন।

বাড্ডা থানার গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় তিন দিনের রিমান্ড শেষে দুপুরে রিজভীকে আদালতে হাজির করে যাত্রাবাড়ীর মামলায় ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির এসআই জাহিদুল ইসলাম।

রিমান্ড আবেদন বাতিল ও রিজভীর জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।

উভয় আবেদনের শুনানি শেষে জামিন আবেদন বাতিল করে বিচারক রিজভীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে তার আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ জানান।

গত ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় একটি বাসে পেট্রোল বোমা হামলায় ৩০ জনের বেশি দগ্ধ হন, যাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ওই ঘটনায় মোট ৬৯ জনের নাম উল্লেখ করে দুটি মামলা করেছে পুলিশ,যাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।

অবরোধের শুরু থেকে ‘অজ্ঞাত স্থান’ থেকে বিবৃতি পাঠিয়ে হরতাল-অবরোধের ঘোষণা দিয়ে আসা রিজভীকে গত শনিবার ভোররাতে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। গুলশান-বাড্ডা লিঙ্ক রোডে অনাবিল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ১ ফেব্রুয়ারি তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে গত ৩ জানুয়ারি রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘অসুস্থ’ হয়ে পড়লে রিজভীকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

তার চার দিনের মাথায় গভীর রাতে সেখান থেকে চুপিসারে বেরিয়ে যান রিজভী। এর পর থেকেই গোপন স্থান থেকে বিবৃতির মাধ্যমে দলের কর্মসূচি ঘোষণা করছিলেন তিনি।

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা গত ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে লাগাতার অবরোধের ঘোষণা দেন। এর মধ্যে প্রতি সপ্তাহেই দেশের বিভিন্ন স্থানে হরতালও ডাকছে বিএনপি জোট।

এসব কর্মসূচি চলাকালে গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপে নিহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ, যাদের বেশিরভাগই গাড়িতে আগুনে পুড়ে মারা গেছেন।