২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে গ্রেপ্তারের দাবি শাজাহান খানের

চলমান অবরোধ ও হরতালে পুড়িয়ে মানুষ হত্যার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘গণহত্যার নায়িকা’ আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 07:50 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান তিনি।

শাজাহান খান বলেন, “প্রধানমন্ত্রীকে বলছি, আপনি এই ‘রাক্ষসী’ খালেদা জিয়াকে গ্রেপ্তার করুন। যদি দেশকে বাঁচাতে হয়, দেশের মানুষকে বাঁচাতে হয়, তাহলে খালেদা জিয়াকে গ্রেপ্তার করুন।”

এসময় চলমান সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে যার যার স্থানে দাঁড়িয়ে এবং বাঁশি-হর্ন বাজিয়ে ‘অভিনব’ প্রতিবাদ কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

নৌমন্ত্রী বলেন, “একাত্তরে পাকিস্তানিরা আমাদের উপর গণহত্যা চালিয়েছিল। এখন জামায়াত এবং বিএনপি জোট বাঙালি জাতিসত্ত্বাকে ধ্বংস করার জন্য একাত্তরের মতো আমাদের উপর আক্রমণ করে মানুষ মেরে গণহত্যা চালাচ্ছে। এই গণহত্যার নায়িকা হলেন বেগম খালেদা জিয়া।

“বিএনপি-জামায়াতসহ ২০ দল স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্রের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধে নেমেছে। তারা যানবাহনে পেট্রোল বোমা মেরে ড্রাইভার, হেলপার, যাত্রী ও সাধারণ মানুষ হত্যা করছে। ১৭ জন ড্রাইভার, হেলপারকে হত্যা করেছে। গাড়ি পোড়াচ্ছে, ভাংচুর করছে।”

সমাবেশ থেকে হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও, সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে কৃষি, শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংসের প্রতিবাদে আগামী ৫ ও ৭ ফেব্রুয়ারি কর্মসূচি ঘোষণা করা হয়।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টা ৪৫ থেকে ১টা পর‌্যন্ত দেশব্যাপী শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-ব্যবসায়ী-মুক্তিযোদ্ধা-নারী-ছাত্র-যুবসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ স্থানে দাঁড়িয়ে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়।

ওইদিন বেলা ১টা ১ মিনিটে সড়ক, নৌ ও রেলসহ সব পথে চলাচলকারী পরিবহনের হর্ন বাজিয়ে এবং ব্যবসায়ীদের নিজস্ব প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ১ মিনিট বাঁশি বাজিয়ে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়।

আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মিলনায়তনে সব শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা-নারী-যুব-ছাত্র-সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশা সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় কনভেনশনের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিরীন আখতার, মুক্তিযোদ্ধা হেলালুজ্জামান ও ইসমত কাদির গামা।

সমাবেশ শেষে বিভিন্ন সংগঠন প্রতিবাদী ব্যানার নিয়ে একটি মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন। এর ফাঁকে ফাঁকে হরতালের ঘোষণা আসছে বিএনপি-জামায়াত জোটের পক্ষ থেকে। সর্বশেষ রোববার ভোর থেকে সারা দেশে ৭২ ঘণ্টার হরতাল ডাকা হয়।

হরতাল-অবরোধে গাড়িতে আগুনে এবং পেট্রোল বোমায় দগ্ধ হয়ে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। এছাড়া আগুনে পুড়ে ও বোমায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক মানুষ, যাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।