জি এম সিরাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
বগুড়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম সিরাজকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছিল পুলিশ।
পরিবহন ব্যবসায়ী সিরাজ সোমবার বিকালে রাজধানীর গাবতলীর শাহনাজ ফিলিং স্টেশনে ছিলেন।
সেখান থেকে র্যাব-পুলিশের একটি দল তাকে তুলে নিয়ে যায় বলে ফিলিং স্টেশনের কর্মী কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি জি এম সিরাজকে আটকের কথা বললেও পরে সাবেক এই সংসদ সদস্যের ছেলে আসিফ সিরাজ তা অস্বীকার করেন।
পরে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে।
“এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।”
শাহনাজ ফিলিং স্টেশনের মালিক জি এম সিরাজ উত্তরাঞ্চলে চলাচলকারী বাস এস আর ট্রাভেলসের মালিক। উত্তরাঞ্চলের মহাসড়কের রেস্তোরাঁ ফুড ভিলেজের মালিকও তিনি।
সিরাজকে দারুস সালাম থানায় জিজ্ঞাসাবাদ করার পর রাত পৌনে ৮টার দিকে ছেড়ে দেওয়া হয় বলে তার ছেলে আসিফ সিরাজ জানিয়েছেন।
আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবাকে আটক করা হয়নি। গাড়ি চালানোর বিষয়ে কথা বলতে উনাকে মিরপুর থানায় নেওয়া হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে।”
বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে নাশকতামূলক ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন অনেকে, মারা গেছেন ২০ জনেরও বেশি।
তবে মহাসড়কে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার কথা জানিয়ে গাড়ি চালাতে পরিবহন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে আসছে সরকার।
জি এম সিরাজ বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে জরুরি অবস্থার সময় সংস্কারপন্থি হিসেবে তিনিও চিহ্নিত হয়েছিলেন বিএনপিকর্মীদের কাছে।
