২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৪ দলের নাশকতা বিরোধী জনসভা বুধবার

চলমান অবরোধ-হরতালে দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে বন্দর নগরীর লালদীঘি ময়দানে বুধবার নাশকতা বিরোধী জনসভার আয়োজন করেছে চট্টগ্রাম ১৪ দল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 08:33 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

শুক্রবার বিকালে নগরীর চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর বাসায় চট্টগ্রাম ১৪ দলের সমন্বয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।

শুক্রবার চট্টগ্রাম ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমন্বয় কমিটির এ সভায় নগরীর প্রতিটি ওয়ার্ডে নাশকতা প্রতিরোধে ১৪ দলের উদ্যেগে ‘নাশকতা প্রতিরোধ কমিটি’ গঠনেরও সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় আগামী ২৮ জানুয়ারি বুধবার বিকাল তিনটায় লালদীঘি ময়দানে চট্টগ্রাম ১৪ দলের উদ্যোগে নাশকতা বিরোধী জনসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, জঙ্গিবাদ, নাশকতা, সাধারণ মানুষ হত্যা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার অপরাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কাতারে সামিল হন। গণতান্ত্রিক আন্দোলন করুন।

“এতে আমরা বাধা দেব না। যদি আপনার বোধোদয় না হয় তাহলে আপনি ও আপনার নেতাকর্মীর বিরুদ্ধে একই আচরণ করা হবে।”

১৪ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মহিউদ্দিন বলেন, যে এলাকায় নাশকতা হবে সে এলাকায় ২০ দলীয় জোটের কমপক্ষে ১০ জন নেতাকর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের হাতে তুলে দিতে হবে।

“এলাকায় অপরিচিত লোকের আনাগোনা লক্ষ্য করা গেলে তাদের চ্যালেঞ্জ করুন।”

সভায় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ইন্দু নন্দন দত্ত, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ওর্য়ার্কাস পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, নগর জাসদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, নগর ন্যাপের সাধারণ সম্পাদক আলী আহমদ নজির, জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক অমূল্য বড়ুয়া, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান প্রমুখ।