২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্সরশিপ নয়, নৈতিক দায়িত্ববোধ: হানিফ

খালেদা জিয়ার অভিযোগ নাকচ করে আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ বলেছেন, টেলিভিশনগুলোকে ‘নেতিবাচক সংবাদ প্রচারে’ বিরত থাকতে বলা কোনোভাবেই ‘সেন্সরশিপ’ নয়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 02:53 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

শুক্রবার কুষ্টিয়ায় নিজের বাসায় দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হানিফ বলেন, “পৃথিবীর কোনো সভ্য দেশে নেতিবাচক খবর প্রচার করা হয় না। এটা চাপিয়ে দেওয়া নয়, এটা সমাজের প্রতি নৈতিক দায়িত্ববোধ থেকে করা। নেতিবাচক সংবাদ সম্প্রচার করলে সন্ত্রাসীরা উৎসাহিত বোধ করবে।”

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে টেলিভিশন স্টেশনের মালিক ও প্রতিনিধিদের ডেকে ‘সহিংসতা ও নাশকতা উসকে দেওয়ার’ মতো খবর প্রকাশ না করার পরামর্শ দেয় সরকার।

মন্ত্রিসভার পাঁচ সদস্যের উপস্থিতিতে ওই বৈঠকে দেশের পরিস্থিতি স্বাভাবিক দাবি করে তা মানুষের সামনে তুলে ধরতে টেলিভিশন চ্যানেলগুলোর ‘সহযোগিতা’ চাওয়া হয়।

এর প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ রাতে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া সরকারের এই ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছেন।

“মিডিয়ার ওপর নতুন করে সেন্সরশিপ আরোপ করা হচ্ছে, যাতে জনগণ প্রকৃত ঘটনা জানতে না পারে।

এর জবাবে হানিফ বলেন, “সন্ত্রাসীরা যাতে উৎসাহিত না হয় সেজন্য নেতিবাচক খবর প্রচার করবে না বলে কথা দিয়েছে কর্তৃপক্ষ। এটা সেন্সরশিপ হল কীভাবে, কোনো সেন্সরশিপ নেই।”

এ বিষয়ে খালেদা জিয়ার ‘জ্ঞানের ঘাটতি’ রয়েছে মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “উনাকে কেউ মিথ্যা বুঝিয়ে এসব কথাবার্তা বলাচ্ছেন।”

গত ৫ জানুয়ারি থেকে অবরোধের মধ্যে রাজনৈতিক সহিংসতা বন্ধে বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা আবারও নাকচ করেন হানিফ।

তিনি বলেন, “যারা পেট্রোল বোমা মেরে, বাসে আগুন দিয়ে  মানুষ হত্যা করছে এরা সন্ত্রাসী। এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য কোনো সন্ত্রাসীর সাথে আলোচনার সুযোগ নেই বা যৌক্তিকতা নেই।

“নাশকতা বন্ধ করে সাধারণ মানুষের উদ্বেগ ও উৎকণ্ঠ দূর করলেই সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার কথা চিন্তা করতে পারে।”

মানুষকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা ‘বরদাস্ত করা হবে না’ বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কেন্দ্রীয় সহ সম্পাদক শেখ হাসান মেহেদী, কুষ্টিয়া সদর থানার ওসি আব্দুল খালেকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

খবর ‘সেন্সর’ করা হচ্ছে: খালেদা জিয়া
টিভিতে খবর প্রচার নিয়ে সরকারের পরামর্শ