২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের সঙ্গে ঢাকা ও খুলনা বিভাগে হরতাল

সারাদেশে অবরোধ চালিয়ে যাওয়ার পাশাপাশি ঢাকা ও খুলনা বিভাগের সব জেলায় ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 02:52 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

এছাড়া সংগঠনের এক নেতাকে ‘হত্যার’ প্রতিবাদে পৃথকভাবে ঢাকা মহানগর ও জেলায় হরতাল দিয়েছে ছাত্রদল।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এই হরতাল চলবে।

তিনি বলেন, “যৌথ বাহিনী সারাদেশে অভিযানের নামে ছাত্রদলসহ আমাদের নেতা-কর্মীদের ওপর নির্মম অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। গত কয়েকদিনে ছাত্রদলের কয়েকজনকে হত্যা করা হয়েছে।”

এর প্রতিবাদে দুই বিভাগের নেতা-কর্মীদের ‘শান্তিপূর্ণভাবে’ হরতাল পালনের আহ্বান জানিয়ে ‘আত্মগোপনে’ থাকা রিজভী বলেন, টানা অবরোধ কর্মসূচির পাশাপাশিই এ হরতাল চলবে।

অন্যদিকে মঙ্গলবার খিলগাঁও ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘হত্যার’ প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টা হরতাল পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি রাজিব ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদলের ওই নেতা নিহত হন, যিনি অবরোধের মধ্যে শাহবাগে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন গত ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবারও তিনি নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিএনপির এই কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটছে, যাতে এ পর্যন্ত অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

পুরনো খবর:

অবরোধ চলতে থাকবে: খালেদা