২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক ও ফখরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপি নেতা তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একটি মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 12:20 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকীর করা এই মামলায় আদালতের জারি করা সমনে হাজির না হওয়ায় ঢাকার মহানগর হাকিম আনোয়ার ছাদাত মঙ্গলবার পরোয়ানা জারির এই আদেশ দেন।  

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক ও ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলকে গ্রেপ্তারের বিষয়ে ৫ মার্চ পুলিশকে প্রতিবেদন দিতে বলেছেন বিচারক।

নাশকতার একটি মামলায় গ্রেপ্তার হয়ে মির্জা ফখরুল গত ৬ জানুয়ারি থেকে কারাগারেই আছেন। আর বিএনপি প্রধান খালেদা জিয়ার বড় ছেলে তারেক গত ছয় বছর ধরে পরিবার নিয়ে অবস্থান করছেন যুক্তরাজ্যে।  

এ বি সিদ্দিকী গতবছর ৮ সেপ্টেম্বর ঢাকার হাকিম আদালতে দায়ের করা এ মামলায় অভিযোগ করেন, তারেক রহমান ২৪ অগাস্ট লন্ডনে এক আলোচনা সভায় আওয়ামী লীগ ও দলটির নেতা শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করেন। ২ সেপ্টেম্বর আরেক অনুষ্ঠানে তারেক বাংলাদেশের ইতিহাস নিয়ে ‘মিথ্যা, বানোয়াট ও মানহানিকর’ বক্তব্য দেন।

আর মির্জা ফখরুল ৫ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য দিয়ে মানহানি ঘটিয়েছেন বলে এ বি সিদ্দিকীর অভিযোগ।

এ মামলার অভিযোগের বিষয়ে পল্টন থানা পুলিশের প্রতিবেদন পাওয়ার পর বিচারক তারেক ও ফখরুলের বিরুদ্ধে সমন জারি করেন। সে অনুযায়ী তারা নিজেদের বক্তব্যের ব্যাখ্যা দিতে আদালতে হাজির না হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল।

এবি সিদ্দিকীই ধর্মীয় উসকানির অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গত বছর ২১ অক্টোবর আরেকটি মামলা করেন, যার তদন্ত করে মঙ্গলবার প্রতিবেদন দেওয়ার কথা ছিল পুলিশের।

কিন্তু প্রতিবেদন জমা না পড়ায় ১৭ ফেব্রুয়ারির মধ্যে তা জমা দিতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন মহানগর হাকিম শামসুল আরেফিন।

এ মামলার আর্জিতে বলা হয়, গতবছর ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া আওয়ামী লীগ সম্পর্কে ‘কটূক্তি’ করেন।

“তিনি (খালেদা জিয়া) বলেন, ‘আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। এ জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।”

ওই বক্তব্য দিয়ে খালেদা জিয়া ফৌজদারি দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।