২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট সমাধানের দাবিতে কামাল-মান্নার সঙ্গে সিপিবি-বাসদ

চলমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে সাত দিনের সময় বেঁধে দিয়ে কামাল হোসেন ও মাহমুদুর রহমান মান্নার সঙ্গে একসঙ্গে কর্মসূচি পালন করেছে দুই বামপন্থি দল সিপিবি ও বাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 11:22 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রধান আ স ম আবদুর রবও অংশ নেন।

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ এবং এই দাবি না মানতে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনড় অবস্থানের মধ্যে সিপিবি-বাসদ ও নাগরিক ঐক্য যুগপৎভাবে এই কর্মসূচি ডাকে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে সাত দিন সময় বেঁধে দিয়ে বলেন, “এর অন্যথা হলে মানুষ আপনার সরকারকেও এক টাকা, দুই টাকার খুচরা নোটের মতো বাতিল করে দেবে।”

সরকার ও বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, “একদিকে পেট্রোল বোমায় পুড়ে মরছে মানুষ, অন্যদিকে সন্ত্রাস দমনের নামে চাঁপাইনবাবগঞ্জের নারী-পুরুষ নির্বিশেষে মানুষকে যেভাবে ঘরছাড়া করা হচ্ছে, তার কোনোটাই সমর্থনযোগ্য নয়।”

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলকেই স্বৈরাচার ও রাজাকারের সঙ্গ ছেড়ে চলমান রাজনৈতিক সঙ্কটের মীমাংসা করে দেশবাসীকে অনিশ্চয়তার হাত থেকে রক্ষার আহ্বান জানান।

দুই দলের সমালোচনা করে তিনি বলেন, “বিবদমান রাজনৈতিক দলগুলোর মিথ্যাচার গোয়েবলসকেও হার মানাচ্ছে।”

বিএনপির অফিসে তালা না দিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করতে সরকারকে আহ্বান জানান বামপন্থি এই নেতা।

বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করার সমালোচনা করে এই নিয়ে সরকারের বক্তব্যের প্রতিক্রিয়ায় সেলিম বলেন, “খালেদা জিয়ার নিরাপত্তার জন্য যদি ১০টি বালিভর্তি ট্রাক পাঠানো প্রয়োজন হয়, তাহলে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য ৫০টি ট্রাক পাঠানোর প্রয়োজন।”

বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আওয়ামী লীগ-বিএনপি জোটের বাইরে ‘বাম বিকল্প শক্তি’ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “এদের কাছে দেশের মানুষের স্বার্থ ও গণতন্ত্র কোনোটাই নিরাপদ নয়।”

সঙ্কট উত্তরণের জন্য জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে গণফোরাম সভাপতি কামাল হোসেন বলেন, “সংবিধান রক্ষার নামে দশম জাতীয় সংসদের নির্বাচন করে যেনতেন প্রকারে ক্ষমতা আঁকড়ে থাকা সংবিধান লংঘনের শামিল।

“দেশের শতভাগ মানুষ শান্তি চায়। সরকারকে এই শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তার সঙ্গে একমত পোষণ করে রব বলেন, “৫ জানুয়ারির ভোটারবিহীন ও একতরফা নির্বাচন থেকেই রাজনৈতিক সঙ্কটের সূচনা।

“দেশের মানুষ যেমন আন্দোলনের নামে সন্ত্রাসের বিরুদ্ধে; ঠিক তেমনিভাবে তারা রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধেও।”

মানববন্ধনে ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর আহমদ, নাগরিক ঐক্যের উপদেষ্টা জনাব এস এম আকরামও উপস্থিত ছিলেন।