২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকটি পেট্রোল বোমার কাছে গণতন্ত্রের আত্মসমর্পণ নয়: সুরঞ্জিত

অবরোধে নাশকতার জন্য বিএনপিকে দায়ী করে তাদের দাবিতে নতি স্বীকার না করার কথা জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 09:32 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

তিনি বলেছেন, “কিছু বুদ্ধিজীবীসহ অনেকেই মনে করেন, নাশকতা ও সন্ত্রাস করে সরকারকে সংলাপের জন্য বাধ্য করা যাবে। কিন্তু কিছু পেট্রোল বোমা মেরে, সহিংসতা ও নাশকতা করে সংলাপের জন্য বাধ্য করা কোনো নৈতিকতাকেই বহন করে না।

“আমি ওই বুদ্ধিজীবীদের বলব, আগে এই নাশকতা বন্ধ করতে বলুন। যারা অবরোধ ঘোষণা করেছে, অবশ্যই তাদের এই নাশকতার দায়িত্ব নিতে হবে। জনগণের সমন্বিত শক্তির কাছেই নাশকতাকারীরা পরাজিত হবেই।”

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধের মধ্যে সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারা দেশে লাগাতার অবরোধ ডাকার পর থেকে প্রতিদিনই গাড়িতে আগুন দেওয়া ও বোমাবাজির ঘটনা ঘটছে, যার শিকার হচ্ছে সাধারণ মানুষ।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৩৪ জন দগ্ধ হয়ে তাদের কাছে চিকিৎসা নিতে এসেছেন, যাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

নাশকতার আগুনে পোড়া ১৭ জন এখনও ভর্তি আছেন বলে চিকিৎসকরা জানান।

নাশকতা প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত।

“অনেকে মনে করেন জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন শুধু আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের দায়িত্ব। এই অবস্থায় শুধু সরকারকে কাজ করলেই হবে না, দেশের সকল শ্রেণি ও পেশার মানুষকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করতে হবে।”