২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের বিবৃতিতে সমর্থন ২০ দলের

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের দেওয়া বিবৃতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে আন্দোলনরত ২০ দলীয় জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 09:14 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

শনিবার বিএনপির প্যাডে দলটির ভাইস চেয়ার‌ম্যান সেলিমা রহমান ২০ দলীয় জোটের পক্ষে এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানান।

নিজের কার্যালয়ে গত ৩ জানুয়ারি থেকে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেই রয়েছেন সেলিমা।

বিএনপির বিবৃতিতে বলা হয়, “জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের চলমান রাজনীতিতে উদ্বেগ প্রকাশ করে সহিংসতা বন্ধ, বিরোধীদল ও জনগণের মৌলিক অধিকার রক্ষার আহ্বান জানিয়ে যে বিবৃতি দিয়েছে, তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

“এটাকে আমরা স্বাগত জানাই। সমস্যাটি যে রাজনৈতিক এবং বিরোধী দলের কর্মসূচি পালনে ক্ষমতাসীনদের বাধা প্রদান ও নির্যাতন থেকে উদ্ভূত অবস্থা, তারা (জাতিসংঘ) তা অনুধাবন করেছে।”

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশন এক বিবৃতিতে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ফিরে আসায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সব পক্ষকে সংঘাত বন্ধ করে সংযম প্রদর্শনের আহ্বান জানায়।

“বাংলাদেশের প্রধান দুই দল তাদের মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধানে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক সহিংসতা যে মাত্রায় পৌঁছেছে তা উদ্বেগজনক।”

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশে প্রাণহানির ঘটনার ‘নিরপেক্ষ ও কার্যকর’ তদন্তেরও আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। 

তবে ক্ষমতাসীন আওয়ামী লীগকে দিয়ে এসব প্রাণহানির নিরপেক্ষ তদন্ত হওয়া নিয়ে সন্দিহান ২০ দল।

“কারণ ভোটারবর্জিত, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনী প্রহসনে ক্ষমতা জবরদখলকারী প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহ ও তদন্ত প্রক্রিয়াসহ সব রাষ্ট্রীয় প্রথা ও প্রতিষ্ঠানগুলোকে চরম দলীয়করণের মাধ্যমে অবৈধ ক্ষমতা রক্ষার হাতিয়ারে পরিণত করেছে। এদের মাধ্যমে কোনো নিরপেক্ষ সুষ্ঠু ও কার্য্কর তদন্ত সম্ভব নয়।”

২০ দলের বিবৃতিতে জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে নির্যাতন, গুম ও হত্যার অভিযোগ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষপদে ‘দলবাজ’ ব্যক্তিদের বসানো হয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয়, “তারা এখন আইন-কানুন এবং তাদের আওতা, পরিধি ও কর্তব্যের সীমারেখা মেনে চলার ধার ধারছেন না।”