রিয়াজের ওপর হামলা বিএনপির নীল নকশায়: হানিফ
দেশের পরিস্থিতি ‘ঘোলাটে করতে’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নীল নকশায় রিয়াজ রহমানের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ।
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “খালেদা এখন ভয়ঙ্কর উন্মাদ হয়ে গেছে। এজন্য নিজের দলের লোকদের হত্যা করতেও কুণ্ঠাবোধ করছে না। রিয়াজ রহমানের উপর হামলা সেই নীল নকশারই অংশ। "
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে গত মঙ্গলবার রাতে গুলশানে খালেদার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর গুলি চালানো হয়, জ্বালিয়ে দেওয়া হয়েছে তার গাড়ি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন,“বিএনপি একটি নষ্ট ও জঙ্গি দল হিসেবে চিহ্নিত। এই নষ্ট রাজনীতি থেকে বিএনপিকে আগে বেরিয়ে আসতে হবে। তারপর তারা শুধু নয় সব দলই তাদের গণতান্ত্রিক অধিকার ভোগ করবে।”
রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি বর্জন করলেও গত বছরের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে সরকার পরিচালনায় আসে আওয়ামী লীগ।
চলতি বছর ওই নির্বাচনের বর্ষপূতির দিন থেকে বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধে নাশকতা ও প্রাণহানি ঘটার জোটের নেতাকর্মী ও পরামর্শকরা সরকারকে সংলাপের আহ্বান জানিয়ে আসছেন।
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী শুক্রবারও বলেছেন, সরকার এখন আলোচনায় না এলে পরে ‘বিদেশিদের চাপে’ সংলাপে বসতে হতে পারে, যা হবে ‘লজ্জাজনক’।
তবে আজকের বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের ‘চাপ দেওয়ার সুযোগ নেই’ বলে মনে করেন আওয়ামী লীগ নেতা হানিফ।
তিনি বলেন, “বাংলাদেশ এখন সত্তরের দশকে নেই যে কূটনীতিকদের ওপর নির্ভর করতে হবে। বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে।”
বিএনপি কূটনীতিকদের ‘সহানুভূতি পেতে চক্রান্ত করছে’ মন্তব্য করে হানিফ বলেন, “কূটনীতিকরা সামাজিক কারণে বিভিন্ন জনের বাসায় যেতেই পারে।...কিন্তু কূটনীতিকরা জানে বিএনপি সন্ত্রাসী ও জঙ্গি দল।”
নাশকতা বন্ধে বিজিবি প্রধানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপি যে বিবৃতি দিয়েছে হানিফের ভাষায় তা ‘মজার ও হাস্যকর’।
অবরোধে নাশকতা ঠেকাতে মাঠে থাকা বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবার বলেন, সাধারণ মানুষকে বাঁচাতে বোমাবাজদের গুলি করতে এ বাহিনীর সদস্যরা কুণ্ঠিত হবে না।
এর প্রতিবাদ জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিজিবি মহাপরিচালকের ওই বক্তব্য ‘আইন পরিপন্থি’।
এ বিষয়ে হানিফ বলেন, “বিএনপি বলেছে, সরকার গাড়ি পোড়াচ্ছে। সরকারই যদি গাড়ি পোড়াবে তাহলে (বিজিবি প্রধানের বক্তব্যে) বিএনপির এতো মাথা ব্যথা কেন? আমরা বিজিবির বক্তব্যকে স্বাগত ও সাধুবাদ জানাই।”
বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশেই সারাদেশে নাশকতা হচ্ছে মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “এজন্য আপনাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। যাদের নির্দেশে এই ঘটনা ঘটছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”
অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
