২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সংকট জিইয়ে রাখতে চায়: বিএনপি

সরকার দেশে সংকট ‘জিইয়ে রাখতে চায়’ মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘চলমান সংকটের’ সমাধান না হওয়া পর্যন্ত তার দল অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 05:26 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, “সরকার দেশে সংকট জিইয়ে রাখতে চায়। তারা সংকট নিরসন করতে ভয় পাচ্ছে। শান্তি, স্থিতি ও সুস্থ রাজনীতির পরিবেশ সৃষ্টিতে ক্ষমতাসীনরা অনাগ্রহী। সেজন্য একটি স্বচ্ছ ও সবার অংশগ্রহনমূলক নির্বাচন দিতে তারা ভয় পায়।’’

মানুষের ‘ভোটাধিকার ফিরিয়ে আনা ও একটি অবাধ নির্বাচন নিশ্চিত করতেই’ বিএনপি লাগাতার আন্দোলন করছে বলে রিজভীর দাবি।

গত ৫ জানুয়ারি নির্বাচনের বছর পূর্তিতে সমাবেশ করতে না পেরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারা দেশে এই লাগাতার অবরোধ ডাকেন, যা দুই দফা বিশ্ব ইজতেমার মধ্যেও তোলা হয়নি।  

অবরোধে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রাণহানি ঘটছে, যার জন্য বিএনপিকেই দায়ী করে আসছেন সরকারদলীয় নেতারা।  

অন্যদিকে রিজভীর অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘দেশের জনগণের টাকায় চলা’ আইনশৃঙ্খলা বাহিনীকে ‘সরকার দলীয় ক্যাডারে সাজানো আওয়ামী রক্ষীবাহিনীর মতো’ ব্যবহার করছে।

“৭২-৭৫ এর রক্ষীবাহিনীর প্রেতাত্মা নিয়ে এই যৌথ বাহিনী গ্রামে-গঞ্জে বীভৎস তাণ্ডব চালাচ্ছে। চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ-কানসাটের কয়েকটি গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে ছাই করে দিয়েছে।”

বিজিবি সদস্যরা প্রয়োজনে বোমাবাজদের গুলি করবে- সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের এমন বক্তব্যেরও সমালোচনা করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, “এ ধরনের বক্তব্য নজিরবিহীন, অমানবিক ও আতঙ্কজনক। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গিয়ে গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোকদের বসিয়ে এই সব বাহিনীকে গণশত্রুতে পরিণত করা হয়েছে।”

‘জনসম্পৃক্ততা না থাকায়’ সরকার খাদের কিনারে পৌঁছে গেছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “আমরা সরকারের প্রতি আবারো আহবান জানাচ্ছি, একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য এই মুহূর্তে কার্যকর সংলাপের ব্যবস্থা করুন। উৎপীড়ন, পরিকল্পিত নাশকতা, প্রকাশ্যে গুলি করে অবরোধকারীদের হত্যা ও ধড়পাকড়ের পথ থেকে সরে আসুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দিন।

“যতক্ষণ পর্যন্ত না বিজয় অর্জিত হচ্ছে, ততক্ষণ চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত খাকবে”, বলেন তিনি।