২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা ঠেকাতে নামছে ১৪ দল

বিরোধী জোটের অবরোধের মধ্যে নাশকতা ঠেকাতে জেলায় জেলায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি নিয়ে নামতে যাচ্ছে ক্ষমতাসীন ১৪ দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 09:56 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

এই কমিটি পুলিশ ও অন্যান্য বাহিনীকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবে। নাশকতাকারীদের ধরে পুলিশের হাতে তুলে দেবে।

অবরোধের মধ্যে গাড়ি পুড়িয়ে হত্যা এবং বোমাবাজির প্রেক্ষাপটে বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

লাগাতার অবরোধের মধ্যে গত ১৩ জানুয়ারি ১৪ দলের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী নাসিম স্থানীয় পর্যায়ে ১৪ দলের নেতা ও পুলিশের সমন্বয়ে ‘সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ গঠনের ঘোষণা দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতেই এই বৈঠক।

বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এই কমিটি পাড়ায়-মহল্লায় আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে।”

২০১৩ সালে যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর তাণ্ডবের সময়ও জেলায় জেলায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছিল, তবে তার কার্যকারিতা দেখা যায়নি।  

আগামী ১৭ জানুয়ারি রংপুরের মিঠাপুকুরে ও ১৮ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ীতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল। মিঠাপুকুরে একদিন আগেই যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হলে পুড়ে মারা যান পাঁচজন।

এছাড়া এ মাসেই রাজধানী ঢাকার বিভিন্ন নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানে মিছিল, শান্তি সমাবেশ ও পদযাত্রা করবে ১৪ দল।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “সারাদেশে খালেদা জিয়ার নির্দেশে একের পর এক পেট্রোল বোমা হামলা চলছে, মানুষ হত্যা করা হচ্ছে। যে জামায়াতকে নিয়ে তিনি এ কাজ করছেন, তারা একাত্তর সালেও আমাদের বাড়ি-ঘর জ্বালিয়েছে। এবারও জ্বালাচ্ছে।

“এই খুনিদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিতে হবে। ১৪ দলের নেতাদের অন্তর্ভুক্ত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুণর্গঠন করা হবে।”

দ্রুততম সময়ের মধ্যে জেলা পর্যায়ে এই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হবে জানিয়ে ১৪ দলের মুখপাত্র বলেন, “এলাকার প্রতিটি এমপিকে এলাকায় থাকতে বলা হয়েছে। এমপিরা এলাকায় থেকে সন্ত্রাসীদের প্রতিরোধ করবেন।”

খালেদা জিয়ার সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে নাসিম বলেন, “খালেদা জিয়ার সঙ্গে কোনো সংলাপ হবে না। তিনি একাই লড়ছেন। তার ডাকে তার দলের নেতা-কর্মীরাই নামেনি। তার সঙ্গে জনগণ নেই।”

এই বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লাহ, আসলামুল হক উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

আগুন নিয়ে খেলবেন না: প্রধানমন্ত্রী