আগুন নিয়ে খেলবেন না: প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াতকে আরও কড়া ভাষায় সতর্ক করে দিয়ে ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিরোধী জোটকে হুঁশিয়ার করার পাশাপাশি নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করে জনজীবনে শান্তি ফিরিয়ে আনতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন তিনি।
খালেদা জিয়ার ডাকা অবরোধের মধ্যে বুধবার রাতে গণভবনে জাতীয় মহিলা ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে বিএনপি জোটকে এই হুঁশিয়ারি দেন শেখ হাসিনা।
তিনি বলেন, “আগুন নিয়ে যারা খেলতে যায়, তাদের হাত আগুনেই পোড়ে। এটা হলো বাস্তবতা। নিজেদের আগুনেই নিজেদের যে পুড়তে হয়, সে ঘটনাও তো ঘটেছে।
“উনারা ইচ্ছাকৃতভাবেই বোধহয় ঘটিয়েছেন, আগামীতে হরতাল দেওয়ার জন্য। ১৫ তারিখে হরতাল, কারণ ওইদিন এতিমখানার টাকা চুরির মামলার তারিখ। মামলার তারিখ দেখলেই উনার মাথা খারাপ হয়ে যায়।”
অবরোধের মধ্যে মঙ্গলবার খালেদার উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমানকে গুলি ও তার গাড়ি জ্বালিয়ে দেওয়ার পর বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো, ভাংচুর ও বোমাবাজি ঘটছে। এর মধ্যে মঙ্গলবার রাতে রংপুরে একটি গাড়িতে আগুন দেওয়া হলে মারা যান চারজন।
রংপুরে বাসে আগুন দিয়ে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনা তুলে ধরে বুধবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিরোধী জোটকে উদ্দেশ্য করে বলেন, “এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। আর তা না হলে আমাদেরকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।”
চলমান নাশকতামূলক কর্মকাণ্ড থেকে উত্তরণের প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী গণভবনের অনুষ্ঠানে বলেন, “এটাও আমরা মোকাবিলা করে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারব, এ বিশ্বাস আমাদের আছে।”
গত বছরের ৫ জানুয়ারির ভোট বর্জনের এক বছর পর নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবি নিয়ে হরতাল-অবরোধের কর্মসূচি নিয়ে নেমেছে বিরোধী জোট। ওই নির্বাচনের মধ্য দিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ।
শেখ হাসিনা বলেন, “এই একটা বছর সুন্দর, শান্তিপূর্ণভাবে দেশ পরিচালিত হয়েছে। মানুষ শান্তিতে ছিল, মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে। অথচ কথা নেই বার্তা নেই হঠাৎ এই আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারাসহ নানা ধরনের ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছেন; এটা কখনও গ্রহণযোগ্য না।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের শান্তি ও অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করছে জানিয়ে তিনি বলেন, “আমি সেদিক থেকে বলব, দেশের শান্তি ফিরে আসুক, এদের সুমতি হোক, আর এই আগুন নিয়ে খেলা যেন তারা বন্ধ করে।”
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “রাজনৈতিক দলটি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ভুল করে এখন মানুষের ওপর প্রতিশোধ নিচ্ছে, মানুষকে পুড়িয়ে মারছে।
“লেখাপড়া, খেলাধুলা সব ক্ষেত্রেই বাধা দেবে; দেশের অগ্রগতিতেও বাধা দেবে, আর গরিবের পেটে লাথি মারবে এটা হয় না।”
এসময় প্রধানমন্ত্রী জাতীয় মহিলা ক্রিকেট দলকে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমসে রানার্সআপ হওয়ার জন্য অভিনন্দন জানান।
তিনি বলেন, “বাংলাদেশই পারে সব কিছু করতে। মেয়েরাও পিছিয়ে নেই। তারা লেখাপড়া থেকে শুরু করে খেলাধুলা সবকিছুতেই এগিয়ে রয়েছে।”
খেলাধুলার চর্চা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে রাজশাহী ও চট্টগ্রামে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি)শাখা স্থাপনের প্রস্তাব একনেকে অনুমোদিত হয়েছে। চট্টগ্রামেরটা হবে কক্সবাজারে।
এছাড়া প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া কমপ্লেক্স ও বিকেএসপির শাখাও স্থাপন করা হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী জাতীয় মহিলা দলের ১৫ সদস্যের প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক ও উপহার সামগ্রী তুলে দেন। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
