খালেদার সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ
জিয়া ট্রাস্ট মামলায় শুনানির আগের দিন তিন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন নিজের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাতে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী নিতাই রায় চৌধুরী ও মো. আসাদুজ্জামান গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢোকেন।
বেরিয়ে আসার পর সাংবাদিকদের জিজ্ঞাসায় নিতাই রায় চৌধুরী বলেন, “আমরা তিনজনই বিএনপি চেয়ারপারসনের আইনজীবী। আইনগত বিষয় নিয়ে আলোচনা করতে এখানে এসেছিলাম।”
কী বিষয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে সাবেক এই প্রতিমন্ত্রী কিছু বলতে রাজি হননি।
জিয়া অরফ্যানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৭ জানুয়ারি ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদারের আদালতে খালেদার অনুপস্থিতিতে বাদীর সাক্ষ্যগ্রহণ হয়।
তার চার দিন আগে গুলশানে নিজের কার্যালয়ে এসে পুলিশের ঘেরাও ও ব্যারিকেড অবরুদ্ধ হয়ে পড়েন খালেদা।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি টাকা আত্মসাতের এই মামলায় খালেদার ছেলে তারেক রহমানও আসামি। বিএনপির দাবি, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
শুনানির নির্ধারিত এই দিনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল অবরোধের মধ্যে হরতাল ডেকেছে। রিয়াজ রহমানকে গুলি ও তার গাড়ি পোড়ানোর প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে তারা।
এই হরতালের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক অনুষ্ঠানে বলেন, মামলায় হাজিরা এড়াতে খালেদা জিয়া এই হরতাল ডেকেছেন।
খালেদা জিয়ার বাড়ির সামনে পুলিশের অবস্থান
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনত খালেদা গত ৫ জানুয়ারি অবরুদ্ধ অবস্থা থেকে সারাদেশে লাগাতার অবরোধ ডেকেছেন।
বিক্ষিপ্তভাবে গাড়ি পোড়ানো, ভাংচুর, বোমাবাজির মধ্যে এই কর্মসূচি চলছে। বিএনপি দেশবাসীকে গণতন্ত্র ‘পুনরুদ্ধারে’ সাময়িক কষ্ট করে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে সংলাপ ডাকলে অবরোধ তুলে নেওয়ার কথা কয়েকদিন আগে জানালেও রিয়াজ রহমানের ওপর হামলার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বুধবার বলেছেন, বর্তমান সরকারের সঙ্গে আর আলোচনা নয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সভায় তিনি বলেন, “রিয়াজ রহমানের ওপর সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে কোনো ব্যক্তি বা গোষ্ঠী গুলি চালিয়েছে। মানুষকে রক্তাক্ত করা এই সরকারের সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই।”
“সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে, এই অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বললে মামলা দেয়। দেশে গণতন্ত্র, মানবাধিকার রক্ষা করতে অনির্বাচিত সরকারের বিদায় করতে হবে,” বলেন ফোরামের সভাপতি রফিকুল।
