গাজীপুরে মামলায় বিএনপি-জামায়াতের একশ জন
গাজীপুরে হরতালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
সোমবার রাতে টঙ্গী থানার এস আই নাজমুল হুদা ও কালিয়াকৈর থানার এসআই রাজীব খান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
টঙ্গী থানার উপ-পরিদর্শক সাজেদা লতা জানান, গাজীপুরে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গাড়ি ভাংচুর ও প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে হরতাল সর্মথনকারীরা।
এ ঘটনায় সোমবার রাতে টঙ্গী থানার এসআই নাজমুল হুদা বাদী হয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন হাওলাদারসহ ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা করেন।
এ মামলায় মো. আরিফ হোসেন হাওলাদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. সাইফুল আলম জানান, সোববার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ি ভাংচুরের ঘটনায় রাতেই উপ-পরিদর্শক মো. রাজীব খান বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এ মামলায় রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
