বালুর ট্রাক সরলেও পুলিশ রয়েছে গুলশানে
খালেদা জিয়ার গুলশানের অফিসের সামনে সকালে বালির ট্রাক এনে বিকালে আবার সরিয়ে নিয়েছে পুলিশ। তবে ওই কার্যালয় ঘিরে পুলিশি নিরাপত্তা রয়েছে আগের মতোই।
পুলিশ বলছে, বিশ্ব ইজতেমা শেষে দল বেঁধে মুসল্লিরা আসার পথে কেউ যাতে ‘সুযোগ নিতে না পারে’ সেজন্যই নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছিল।
যে সড়কে খালেদার অফিস, সেই ৮৬ নম্বর সড়কসহ আশ-পাশের দুটি সড়কে রোববার সকাল থেকেই যান চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়, বসানো হয় পুলিশের চেক পোস্ট।
গত ৩ জানুয়ারি ওই অফিস থেকে বেরিয়ে নয়া পল্টনে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপি প্রধান খালেদা জিয়া। তারপর থেকে পুলিশি ঘেরাওয়ের মধ্যে তিনি সেখানেই অবস্থান করছেন।
৫ জানুয়ারি পুলিশ ওই কার্যালয়ের ফটকে পুলিশ তালা দিলে সমাবেশের জন্য বের হতে না পেরে সারা দেশে লাগাতার অবরোধের ঘোষণা দেন খালেদা।
গত শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনের বিশ্ব ইজতেমার কথা বিবেচনা করে অবরোধ তুলে নেওয়ার আহ্বান থাকলেও বিএনপি তাতে সাড়া দেয়নি।
রোববার দুপুরে গুলশানের ওই সড়কে গিয়ে দেখা যায় পুলিশের পাশপাশি দাঙ্গা পুলিশের সদস্যরা কার্যালয়ের দুই পাশের সড়কে সার বেঁধে দাঁড়িয়ে ব্যারিকেড সৃষ্টি করেছেন। সড়কের দক্ষিণ দিকে চারটি এবং উত্তর দিকে তিনটি ইট-বালুর ট্রাক দাঁড় করিয়ে রাখতেও দেখা যায়।
গুলশান পুলিশের সহকারী কমিশনার নুরুল আলম সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরাপত্তা আগে থেকেই ছিল। এখন তা আরো জোরদার করা হয়েছে।”
এরপর বিকাল সাড়ে ৪টার দিকে সড়কের দুই মাথা থেকে বালুর ট্রাক সরিয়ে নেওয়া হলেও পুলিশি নিরাপত্তা অব্যাহত থাকে।
তালা এখন খোলা থাকলেও পুলিশের অনুমতি ছাড়া কাউকে ওই কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাবেক সাংসদ হেলেন জেরিন খান, শাম্মী আখতার, শওকত আরা উর্মি, মাসুদা মির্জা, শাহিনুর আখতার সাগর, সুলতানা রাজিয়া বেলা ১২টার দিকে পুলিশের অনুমতি নিয়ে ভেতরে ঢোকেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম,খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান ও চেয়ারপারসনের নিরাপত্তার সমন্বয়কারী আবদুল মজিদ কার্যালয়ের ভেতরে খালেদা জিয়ার সঙ্গে আছেন।
