অবরোধ সফল করতে সব শক্তি নিয়ে নামুন: রিজভী
আন্দোলনের মাধ্যমে সরকারকে ‘পদত্যাগে বাধ্য করার’ হুমকি দিয়ে চলমান অবরোধ কর্মসূচি সফল করতে সব শক্তি নিয়ে রাজপথে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে বনানীতে একটি কার্যালয়ে একদল সাংবাদিককে তিনি বলেন, “সরকার অবৈধ বন্দুকধারীদের মতো দেশ শাসন করছে। কোনো ‘বেআইনি’ সরকার এভাবে দেশ পরিচালনার অধিকার রাখে না।
“আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাব, সকল শক্তি ও সাহস নিয়ে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি সফল করুন।”
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি অবরোধ সফল করতে সব শক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জানান রিজভী।
বিএনপির এই নেতা বলেন, “এই সরকারকে পদত্যাগ করতেই হবে। এটা এখন সময়ের ব্যাপার মাত্র।”
টঙ্গীতে শুরু হওয়া বিশ্ব ইজতেমার মধ্যে অবরোধ নিয়ে কয়েক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের সমালোচনার জবাবে রিজভী বলেন, “বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। অবরোধও চলছে।
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সংবিধানে আল্লাহর নাম সংযোজন করেছিলেন, আজ এই সরকার সংবিধান থেকে মহান আল্লাহর নাম মুছে ফেলেছে। অথচ সরকারের যে মন্ত্রী পবিত্র হজ, ইসলাম ও তাবলীগ জামাত সম্পর্কে কটূক্তি করেছে, তাকে কারাগারে জামাই আদরে রাখা হয়েছে।এরকম ভণ্ড, প্রতারক সরকারের মুখে ইসলামের কথা ভণ্ডামি ছাড়া কিছুই নয়।”
৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সোমবার বিকালে সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
অবরোধের মধ্যে দূরপাল্লার যান চলাচল ব্যাহত হলেও রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোতে স্বাভাবিক সময়ের মতোই গাড়ি চলছে।
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের অংশ নেওয়ার সুযোগ দেওয়ার স্বার্থে বিএনপি নেতৃত্বের প্রতি অবরোধ তুলে নেওয়ার আহ্বান ছিল।
তবে জনগণের ‘ভোটের অধিকার’ ফিরিয়ে আনতে অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে রিজভী বলেন, “বিএনপি ও ২০ দলের এই অবরোধ কর্মসূচি ন্যায়ের জন্য, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, স্বাধীন মত প্রতিষ্ঠার জন্য।”
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মানসিক ও শারীরিকভাবে পর্যুদুস্ত করতে ‘ষড়যন্ত্র’ চলছে বলেও অভিযোগ করেন তিনি।
রাতে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন বিএনপির যুগ্ম মহাসচিব।
সরকারের বিরুদ্ধে দমনপীড়ন চালানোর অভিযোগ করে তিনি বলেন, “দেশে মিথ্যা ও বানোয়াট মামলার হিড়িক পড়েছে। ন্যায় ও স্বাধীন মতপ্রকাশকে সরকার নিষ্ঠুরভাবে দমন করছে। এই পথ থেকে তাদের সরে আসার আহ্বান জানাচ্ছি।”
