ফখরুল কাশিমপুর কারাগারে
নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলকে নিয়ে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে একটি প্রিজন ভ্যান গাজীপুরের কাশিমপুর কারাগারের পথে রওনা হয়।
সেটি কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এ পৌঁছায় বিকাল ৪টা ৪০মিনিটে।
এ কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, মির্জা ফখরুলকে কারাগারের ‘ভিআইপি বন্দিশালা’ সুরমা ভবনে রাখা হয়েছে।
আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকেও একই ভবনে রাখা হয়েছে।
এর আগে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে ফখরুলের সঙ্গে দেখা করেন তার স্ত্রী রাহাত আরা বেগম। সাক্ষাতের জন্য তাদের ১০ মিনিট সময় দেওয়া হয়।
৫ জানুয়ারি বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি নিয়ে উত্তাপের মধ্যে জাতীয় প্রেসক্লাবে গিয়ে পেশাজীবীদের একটি সমাবেশে বক্তব্য দেন ফখরুল।
পরদিন বিকালে সেখান থেকে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বুধবার ফখরুলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগেও বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হয়ে চারবার কাশিমপুর কারাগারে যেতে হয়েছিল মির্জা ফখরুলকে।
সর্বশেষ গত বছর ৮এপ্রিল এ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
