২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসুন এক টেবিলে বসি: এরশাদ

চলমান সংঘাতময় রাজনীতিতে উদ্বেগ প্রকাশ করে সব রাজনৈতিক দলকে আলোচনার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মাদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 08:27 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই- আসুন এক টেবিলে আলোচনায় বসি এবং সংকট নিরসনের উপায় উদ্ভাবন করি।”

এরশাদ বলেন, “আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশ আবার চরম রাজনৈতিক সংঘাত, অস্থিরতা, হানাহানির দিকে অগ্রসর হচ্ছে। নতুন বছরের শুরু থেকেই সংঘাতের রাজনীতি শুরু হয়েছে।”

২০১৪ এর ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে, বিরোধী দলের জায়গা দখল করে জাতীয় পার্টি।

অন্যদিকে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি বর্জন করে  নির্বাচন। ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে আখ্যায়িত করে ঢাকায় সমাবেশ কর্মসূচির ডাক দিলেও বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।

কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সোমবার বিকালে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন খালেদা জিয়া। একই দিন বিভিন্নস্থানে সহিংসতায় নিহত হন চার জন।

অন্যদিকে একই দিনকে ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ হিসাবে পালন করে আওয়ামী লীগ।

এরশাদ সরকার ও বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারীরা সরকার বিরোধী আন্দোলনের নামে জনগণকে জিম্মি করার মত কর্মসূচি গ্রহণ করছে। অন্যদিকে সরকারও প্রতিপক্ষকে দমনের নামে আগ্রাসী ভূমিকা পালন করছে। আমরা এর কোনটাকেই মেনে নিতে পারি না।”

দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে দুঃখ প্রকাশ করে এরশাদ বলেন, “সংঘাত ও গণতন্ত্র একসাথে চলতে পারে না। সংঘাতের রাজনীতির কারণে গণতন্ত্র আজ বিপন্ন হয়ে পড়েছে। এ কারণে ইতোমধ্যে অনেক প্রাণহানির ঘটনাও ঘটে গেছে। এ ধরনের ঘটনায় আমি দুঃখিত ও মর্মাহত।”