২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পুলিশ-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 06:46 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

মঙ্গলবার বেলা ২টায় টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ সংঘর্ষ চলাকালে দুজনকে আটক করেছে পুলিশ।

এরা হলেন স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুস সালাম (৩৫) ও সুমন (২৮)।

টঙ্গী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, বেলা ২টার দিকে স্বেচ্ছাসেবক দল অবরোধের পক্ষে একটি মিছিল বের করে।

মিছিলটি কিছুদূর যাওয়ার পর পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ শুরু হয়।

পুলিশ মিছিলে লাঠিপেটা করে এবং মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াও হয়।

পরে পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলের মুখে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।

সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের অন্তত সাত জন আহত হয়েছেন বলে দাবি করেন জাহাঙ্গীর আলম।

টঙ্গী থানার উপ-পরিদর্শক মালেকা বানু জানান, মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মীকে আটক করেছে।