সাংবাদিকদের ব্রিফ করবেন ফখরুল
জাতীয় প্রেসক্লাবে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
আগের দিন থেকে প্রেসক্লাবে থাকা বিএনপির এই নেতা মঙ্গলবার বেলা ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কিছুক্ষণ পর প্রেসক্লাব থেকে বের হব। তার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলব।”
সকালে তাকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের কক্ষে দেখা যায়।
সমাবেশে নিষেধাজ্ঞা এবং গুলশানে নিজের কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কার্যত অবরুদ্ধ থাকার মধ্যে সোমবার প্রেসক্লাবে বিএনপি সমর্থিত পেশাজীবীদের এক সমাবেশে বক্তব্য দেন ফখরুল।
৫ জানুয়ারি ঘিরে রাজনৈতিক উত্তাপ ও ধরপাকড়ের মধ্যে কয়েকদিন পর প্রকাশ্যে এসে ফখরুল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা উদ্ধৃত করে বলেন, “লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা।”
সমাবেশের পর ফখরুল, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ কয়েকজন জাতীয় প্রেসক্লাবের ফটক দিয়ে বেরিয়ে আসতে চাইলে বাইরে অবস্থানরত সরকার সমর্থকরা বাধা দেয়।
এক পর্যায়ে দুই পক্ষে মারামারিও বেঁধে যায়। তখন সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ফখরুলসহ বিরোধী দলের নেতারা প্রেসক্লাবের ভেতরেই অবস্থান নেন। তখন থেকে সেখানেই আছেন তিনি।
মঙ্গলবার সকালেও প্রেসক্লাবের সামনে পুলিশের অবস্থান দেখা যায়।
এদিকে সোমবার দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিনে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। মঙ্গলবার সকালে গুলশানে তার কার্যালয়ের সামনে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। ওই কার্যালয়ে কার্যত অবরুদ্ধ অবস্থায় তৃতীয় দিন পার করছেন বিএনপি নেত্রী।
ফখরুলের সঙ্গে শফিউল আলম প্রধান ছাড়াও সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী, বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ রয়েছেন।
