যতদিন প্রয়োজন ততদিন ‘খালেদাকে নিরাপত্তা’: প্রতিমন্ত্রী
খালেদা জিয়ার অবরুদ্ধ অবস্থা দীর্ঘায়িত হতে পারে ইঙ্গিত দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, খালেদা জিয়ার যতক্ষণ প্রয়োজন হবে, ততক্ষণ তার কার্যালয়ে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি নাকচ করে তিনি বলেছেন, নিরাপত্তা চেয়ে এর আগে খালেদা জিয়া থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বলেই সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে।
সোমবার নিজের কার্যালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “নিরাপত্তার খাতিরেই তো তাকে এভাবে রাখা হয়েছে। পুলিশ যদি মনে করে তিনি নিরাপদ, তাহলে তিনি বাসায় কিংবা নয়া পল্টনের কার্যালয়ে যেতে পারেন। তবে তিনি নিরাপদ কিনা সেটি পুলিশ বিবেচনা করবে।”
দশম সংসদ নির্বাচনের প্রথম বছরপূর্তির দিনে কর্মসূচি ঘোষণার পর শনিবার বিকাল থেকেই নিজের গুলশানের কার্যালয়ে পুলিশের ঘেরাওয়ের মধ্যে আটকে আছেন খালেদা জিয়া। সোমবার দুপুরে তার বের হওয়ার কথা থাকলেও ওই কার্যালয়ের ফটকে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ।
ইট ও বালুভর্তি ডজনখানেক ট্রাক আড়াআড়ি রেখে কার্যারলয়ের সামনের রাস্তা আটকে দেওয়া হয়েছে। জলকামান, সাঁজোয়া যান, পিকআপ আর ভ্যান নিয়ে সেখানে দুইদিন ধরে অবস্থান করছে বিপুল সংখ্যক পুলিশ।
৫ জানুয়ারি ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ বলেছে, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার ‘স্বার্থেই’ এই পদক্ষেপ নিয়েছে তারা।
তবে নিষেধাজ্ঞার মধ্যেও রাজধানীর রাস্তায় রাস্তায় সরকার সমর্থকদের অবস্থান নিয়ে মিছিলের খবর পাওয়া গেছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সরকারের বর্ষপূর্তিতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনকে।
নিষেধাজ্ঞার মধ্যে এ ধরনের কর্মকাণ্ডে আইনের ব্যত্যয় হচ্ছে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “আমার জানা মতে এমনটা ঘটেনি। তারপরও আমি খবর নিয়ে দেখব, কেউ যদি রাস্তায় থাকে তাহলে তাদের সরে যেতে বলব।”
