খালেদাকে অবরুদ্ধ রেখে কাজ হবে না: আমীর খসরু
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে আন্দোলন দমন করা যাবে না।
৫ জানুয়ারির আগের দিন ঢাকায় দলীয় চেয়ারপারসনকে পুলিশ অবরুদ্ধ করে রাখার মধ্যে রোববার চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।
আমীর খসরু যে কোনো মূল্যে চট্টগ্রামে ‘শান্তিপূর্ণ’ মিছিল-সমাবেশ করার ঘোষণাও দেন।
৫ জানুয়ারির পূর্ব ঘোষিত সমাবেশ ও কালো পতাকা মিছিল সফল করতে নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সাথে কয়েক দফা বৈঠক হয়।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু বলেন, দেশের স্বর্থে, গণতন্ত্রের স্বার্থে চট্টগ্রামে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ হবেই।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনেরও সহযোগিতা চান তিনি।
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর কাজীর দেউড়ি মোড়ে তারা সমাবেশের অনুমতি চেয়েছেন।
“আওয়ামী লীগ সমাবেশের অনুমতি পেলে আমরা পাব না কেন? এটা তো আমাদের রাজনৈতিক অধিকার। আমরা তো কোনো অন্যায় দাবি করছি না।”
সরকারের এক বছর পূর্তিতে লালদীঘি ময়দানে সমাবেশ করতে যাচ্ছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।
বিএনপির সমাবেশের অনুমতি বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল বলেন, “তাদের চিঠি পেয়েছি। এখনও সময় আছে। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।”
